পেঁপের কাশ্মীরি চাটনি : অতিথি আপ্যায়নে দারুন এক চাটনি

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : খুব সহজে তৈরি করা যায় পেঁপের কাশ্মীরি চাটনি

ছবি : সংগৃহীত

 'চাটনি' শব্দটি শুনতেই জিহ্বায় জল এসে যায়। আর তখনই চোখের সামনে ভেসে উঠে তেঁতুল, আম, চালতা, জলপাইসহ নানা রকমের সুস্বাদু সব ফলের চাটনি। পেঁপের কাশ্মীরি চাটনি যে কেবল নানা রকম ফল দিয়েই তৈরি করা হয় তা কিন্তু নয় বরং নানা রকম সবজি দিয়েই চাটনি তৈরি করা সম্ভব। আজকের এই  রন্ধন লেখনিতে এমনই এক সবজি দিয়ে অনন্য পেঁপের কাশ্মীরি চাটনি তৈরির ধারাবাহিক বিবরণ তুলে ধরব। পেঁপে দিয়ে পেঁপের কাশ্মীরি চাটনি তৈরির পূর্বে চলুন দেখে নিই পেঁপের আদ্যোপান্ত ও গুণাবলীসমূহ। পেঁপে (বৈজ্ঞানিক নাম : Carica papaya), এরা Caricaceae পরিবারের সদস্য। পেঁপে কাঁচা বা পাকা উভয় অবস্থায় ই খাওয়া যায়। পেঁপে অনেক নামেই পরিচিত। পেঁপের ইউনানী নাম পাপিতা ও আয়ুর্বেদিক নাম অমৃততুম্বী।

পেঁপের উপকারিতা :


  • সবুজ সবজি পেঁপে মানবদেহের অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুষ্টিবিদদের গবেষনায় প্রাপ্ত ফলাফল থেকে দেখা যায় যে, পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস নির্মূলে সহায়ক ভূমিকা পালন করে।
  • পেঁপেতে 'কাইমোপ্যাপিন' নামের এনজাইম থাকায় পেঁপে হাড়ের নানা রকম জটিল রোগ নিরসনে সহায়তা করে।
  • নারীদের অনিয়মিত রজঃস্রাব সমস্যা নিরসনে পেঁপের শরবত বেশ উপকারি। এক্ষেত্রে কাঁচা বা পাকা পেঁপে খেলেও উপকার পাওয়া যায়।
  • পেঁপেতে প্রচুর পরিমানে ভিটামিন ই, সি ও ফলেট থাকায় এটি মল ত্যাগে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা পেঁপে ও এর শরবত হজমে বিশেষ সহায়তা করে।
  • বয়োপ্রাপ্তি হওয়ার সাথে সাথে দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে আশঙ্কা দেখা দেয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খাওয়া জরুরি। পাকা পেপেতে উপস্থিত 'বিটা ক্যারোটিন' নামের অ্যান্টি অক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখে।
  • পেঁপেতে থাকা 'কাইমোপ্যাপিন' ও 'প্যাপিন' এনজাইম শরীরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাহায্য করে।
  • ছেলে বা মেয়েদের বয়োঃসন্ধিকালে বা মুখমণ্ডলে ময়লা জমার কারণে যে ব্রণ সৃষ্টি হয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খেলে ত্বক পরিষ্কার হবে।
ছবি : বাংলাদেশ প্রতিদিন

 ১০০ গ্রাম পাকা পেঁপের পুষ্টিগুণ আমিষ দশমিক ৬ গ্রাম, স্নেহ দশমিক ১ গ্রাম, খনিজ পদার্থ দশমিক ৫ গ্রাম, ফাইবার দশমিক ৮ গ্রাম, শর্করা ৭ দশমিক ২ গ্রাম, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬ মিলিগ্রাম, পটাসিয়াম ৬৯ মিলিগ্রাম, আয়রন দশমিক ৫ মিলিগ্রাম, খাদ্যশক্তি ৩২ কিলোক্যালরি।

উপকরণ : মাঝারি আকারের একটি পেঁপে, ১ টি বড় রসালো লেবু, মাঝারি আকারের ২ কাপ চিনি, আধা চা চামচ সরিষা, ২টি শুকনো মরিচ, ২টি তেজপাতা, স্বাদমতো লবন, ১ টেবিল চামচ সয়াবিন তেল।

রন্ধনপ্রণালী :

ছবি : গুড ফুড


 পেঁপেটিকে ভাল করে ধুয়ে পাতলা পাতলা আকারে কেটে নিতে হবে। ১টি বড় রসালো লেবু হতে সম্পূর্ণ রস বের করে নিতে হবে। একটি কড়াইয়ে ১ টেবিল চামচ তেল ঢেলে গরম করে নিতে হবে। গরম তেলে সরিষা দানা, তেজপাতা, শুকনো মরিচের বিচি আলাদা করে ছোট ছোট আকারে টুকরো করে দিয়ে দিতে হবে। এরপর ঐ তেলে পেঁপের পাতলা টুকরোগুলো ছেড়ে দিতে হবে। মিশ্রনটি ভাল করে নেড়ে পরিমানমতো পানি ঢেলে দিতে হবে যেন পেপেগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে এতে চিনি ঢেলে দিতে হবে। চিনি সম্পূর্ণ রুপে গলে আঠালো হয়ে এলে এতে পূর্বে সংগ্রহ করা লেবুর রস ঢেলে দিতে হবে। ভালো করে নেড়ে নামিয়ে পরিবেশন করুন পেঁপের কাশ্মীরি চাটনি।