শাহ মখদুম বিমানবন্দর : তথ্য ও উপাত্ত

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল: হযরত শাহ মখদুম রূপোশ (র:) এর নামে শাহ মখদুম বিমানবন্দরের নামকরণ হয়

 

Shah_Makhdum_Airport,_Rajshahi,_Bangladesh - শাহ মখদুম বিমানবন্দর

১৯৮৪ সালে প্রতিষ্ঠিত শাহ্‌ মখদুম বিমানবন্দর, রাজশাহী; ছবি : উইকিপিডিয়া


বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে শাহ মখদুম বিমানবন্দর (Shah Makhdum Airport) একটি। রাজশাহীতে অবস্থিত এই বিমানবন্দরটি হযরত শাহ মখদুম রূপোশ (র:)-এর নামে নামকরণ করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক এই বিমানবন্দরটি নিয়ন্ত্রিত হচ্ছে।

অবস্থান

এই বিমানবন্দরটি রাজশাহী শহর থেকে উত্তরে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশেই এই বিমানবন্দরের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে এই বিমানবন্দরটি ৬৪ ফুট উঁচুতে অবস্থিত।

ইতিহাস

১৯৮৪ সালে শাহ মখদুম বিমানবন্দরটির প্রতিষ্ঠা করা হয়। এই বিমানবন্দরটির যাত্রা শুরু হয় অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য। সেসময় এখান থেকে বাংলাদেশ বিমান সপ্তাহে তিনদিন শুধু ঢাকাতে ফ্লাইট পরিচালনা করত। ২০০৬ এর শেষের দিকে বিমানবন্দরটি ক্ষতির মুখ দেখতে শুরু করে। যার ফলে ২০০৭ সালের ২০ শে ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান এই বিমানবন্দরে তাদের সকল ফ্লাইট বন্ধ করে দেয়। সেসময় একটি বেসরকারি বিমান সংস্থা এই বিমানবন্দরে তাদের ফ্লাইট চালু করে। এরপর আবারও সব ফ্লাইট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ আট বছর পর ২০১৫ সালের ০৬ এপ্রিল এই বিমানবন্দরটি পুনরায় চালু হয়। তখন থেকে নিয়মিত এই বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটসমূহে বিমান চলাচল করছে।

কার্যক্রম

বর্তমানে এই বিমানবন্দরে প্রতিদিনই তিনটি এয়ার লাইন্সের মোট ২৬টি ফ্লাইট চলাচল করছে। এখানে প্রতিদিন দুই শতাধিক যাত্রী চলাচল করে। এই বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার -এ চারদিন ঢাকা-রাজশাহী-ঢাকা ফ্লাইট পরিচালনা করছে। এখানে চলাচলকারী এয়ারলাইন্সগুলো হল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড। এছাড়া, এই বিমানবন্দর থেকে বেশ কিছু অভ্যন্তরীণ কার্গো বিমানও নিয়মিত চলাচল করছে। এই বিমানবন্দরে উন্নত ও আধুনিক ব্যবস্থাসমূহ যুক্ত করা হচ্ছে। যার ফলে প্রতিনিয়তই এই বিমানবন্দরটি হয়ে উঠছে অত্যাধুনিক। এখানে যাত্রী সেবার মানও বহুগুণ বৃদ্ধি করা হয়েছে।

যা যা আছে এই বিমানবন্দরটিতে

এই বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে যার দৈর্ঘ্য ১,৮২৯ মিটার বা ৬,০০০ ফুট এবং প্রস্থ ৩০ মিটার বা ৯৮ ফুট। এই বিমানবন্দরটিতে দুটি অ্যাভিয়েশন একাডেমী রয়েছে এবং ৬-৭ টি ট্রেনিং বিমান এখান থেকে পরিচালিত হচ্ছে। এই বিমানবন্দরে রয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বর্তমানে এখানে অত্যাধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থার সংযোজন করা হয়েছে। বিমানবন্দরটিতে যাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা রয়েছে। এখানে উন্নত গাড়ি পার্কিং সুবিধা, শীতাতপ নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার লাউঞ্জ, লাগেজ ট্রলি, কার্গো সার্ভিস, হুইল চেয়ার, প্রাথমিক চিকিৎসা, ক্যান্টিন সুবিধা, নামাজের ঘর, বিশুদ্ধ পানি, ওয়াইফাই, ফ্লাইট ইনফরমেশন (পিএ সিস্টেম), টিকেট সেলস কাউন্টারসহ আরও নানা সুযোগ-সুবিধা রয়েছে।

নিকটবর্তী হোটেলসমূহ

এই বিমানবন্দরের আশেপাশে বেশকিছু ভালো মানের হোটেল রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল- হোটেল স্টার ইন্টারন্যাশনাল, হোটেল গ্রিন সিটি ইন্টারন্যাশনাল, গ্র্যান্ড রিভারভিউ হোটেল, দ্বীপ হোম, স্পট অন ৬৪৯১৯ নিউ হ্যাভেন, স্পট অন ৭২২০২ লালবাগ টুরিস্ট লজ, হোটেল সানশাইন, হোটেল নন্দিনী ইত্যাদি।  

যোগাযোগ এয়ারপোর্ট ম্যানেজার, শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী ফোন : +880 2 47800053 মোবাইল : +880 1708167303, +880 1556300056 ই-মেইল: apmrajshahi@caab.gov.bd  

রুবাইদা আক্তার   এস এম


Click Here To See More