উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পেলকা বা প্যালকা বা ছ্যাকা!



ছবিঃ প্যানারোমা ক্রিয়েশনস


বর্তমানে বাংলাদেশের উত্তরাঞলের বৃহত্তর রংপুর বিভাগ বা পূর্বের উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়ি জেলার ও আসামের গোয়ালপাড়া এলাকায় একটি বিশেষ স্যুপজাতীয় খাবার খুব বিখ্যাত সেই অতি প্রাচীন কাল থেকেই। এই খাবারের নাম প্যালকা বা পেলকা। লালমনিরহাট জেলাতে এই খাবারটি পরিচিত ছ্যাকা নামে; কিন্তু উপকরণ এবং প্রস্তুতপ্রণালী একই।

জনপ্রিয় স্যুপজাতীয় এই খাবারের মূল উপকরণ হচ্ছে শাক বা পাতা জাতীয় সবজি। নাপা শাক নামে নীলফামারী এলাকায় একটি বিশেষ সবজি আছে। নীলফামারীর স্থানীয়রা এই শাকের ঝোল তৈরী করা শুরু করে এবং ক্রমে ক্রমে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং পেলকা বা প্যালকা বা ছ্যাকা নামে পরিচিত হতে শুরু করে।



ছবিঃ প্যানারোমা ক্রিয়েশনস



প্যালকা বা ছ্যাকা রান্নার উপকরণঃ

বিভিন্ন রকমের শাক-সবজি। সবচেয়ে বেশি পরিচিত ও ব্যবহৃত শাক হচ্ছে নাপা শাক। তবে কুমড়া শাক, পুঁইশাক, কচু পাতা, সজনে পাতা ছাড়াও স্থানীয় কাকড়ি, বথুয়া, বাবরি, সলুক ইত্যাদির সাথে আদা, ধনিয়া, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, রসুন আর খাবার সোডা। নামের যেমন ভিন্নতা আছে তেমনি এলাকাভেদে কমবেশি উপকরণ ব্যবহার করে পেলকা বা প্যালকা বা ছ্যাকা প্রস্তুত করা হয়। শীতের সময় যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায়, সেহেতু এটিকে শীতের খাবারই বলা হয়।


ছবিঃ প্যানারোমা ক্রিয়েশনস

পেলকা তৈরীঃ

প্রথমে আপনাকে বিভিন্ন ধরনের শাক সংগ্রহ করে তা পরিষ্কার করে কুঁচি করে কাটতে হবে। প্রথমে পাতিলে পরিমাণমতো পানি নিতে হবে। পানিতে পরিমাণমতো লবণ দিতে হবে। এর সাথে পরিমাণমতো আদা, রসুন, কাঁচামরিচ, পানি, লবণ আর খাবার সোডা মিশিয়ে রান্না করা শুরু করতে হবে। কিছুক্ষণ পানিতে মেশানোর পর সবধরনের সবজিগুলো পাতিলের মধ্যে দিতে হবে। পানি, মসলা ও শাকগুলো নেড়ে নিতে হবে যাতে করে একসাথে মিশে যায়। এরপর পাতিলে ঢাকনা ব্যবহার করে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে; কোন ধরনের তেল ব্যবহার করা যাবে না।

পেলকা বা প্যালকা বা ছ্যাকা'র একটি প্রধান বৈশিষ্ঠ্য হচ্ছে এতে কোন ধরনের তেল ব্যবহৃত হয় না। ফলে এই খাবারটি অনেক স্বাস্থ্যসম্মত। ১০-১২ মিনিট জ্বাল দিলে শাক সিদ্ধ হয়ে যাবে। এরপর আরও কিছু আদা, রসুন, কাঁচামরিচ, পানি, লবণ সিদ্ধ সবজির মধ্যে দিতে হবে। নেড়ে দিয়ে সবজির সাথে মিশিয়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে রান্না সবজি পাতিলে ঢালতে হবে এবং উপরে কাঁচা মরিচ সাজিয়ে পরিবেশন করতে হবে।



ছবিঃ প্যানারোমা ক্রিয়েশনস


যে পেলকা বা প্যালকা বা ছ্যাকা'য় নাপা শাক ব্যবহার করা হয় তাকে নাপা শাকের পেলকা বা প্যালকা বা ছ্যাকা বলা হয় আর যে পেলকা বা প্যালকা বা ছ্যাকা'য় সজনে পাতা ব্যবহার করা হয় এবং অন্য উপকরণগুলোকে গৌণ করে সজনে পাতাকে প্রাধান্য দেওয়া হয় তাকে স্থানীয়ভাবে সজনে পাতার পেলকা বা প্যালকা বা ছ্যাকা বা শোলকা বলা হয়।

সুত্রঃ প্যানারোমা ডকুমেন্টারি, উইকিপিডিয়া

লেখাঃ আহসান রনি


Click Here To See More