বাঙালির ঐতিহ্যবাহী খাবার কলার মোচার চালের ঘন্ট
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : খনিজসমৃদ্ধ সবজির রন্ধনপ্রণালী
ছবি : বাংলা ট্রিবিউন
কলার মোচা লৌহসমৃদ্ধ একটি সবজি। এই লৌহ মানুষের দেহে রক্তের পরিমান বাড়ায়। কলাগাছে থাকা কলার কাঁদির একেবারে নিন্মাংশে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুঁড়ির নাম হলো 'মোচা' বা আঞ্চলিক ভাষায় কলার থোড়। কাচা কলার মোচার অগ্রভাগ সূঁচালো থাকে। একটি কলার কাদিতে থাকা মোচা বাইরে থেকে গাঢ় লাল খোলদ্বারা ঢাকা থাকে।
কলার মোচার উপকারিতা :
ছবি : ওমেনস্ কর্নার
কলার মোচা যথেষ্ট পরিমানে কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ, যা মানব দেহ গঠনের কাজে সাহায্য করে। কাচা কলার মোচায় প্রচুর পরিমানে লৌহ থাকে, যা খাদ্য হিসেবে গ্রহনের ফলে রক্তস্বল্পতা দূর হয়। কলার মোচা আঁশ জাতীয় খাবারের মধ্যে অন্যতম, যা সহজে হজমশক্তি বৃদ্ধি করে। এটি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে থাকে। কাঁচা কলার মোচার রয়েছে ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন গুণাগুণ। আবার ক্যালসিয়াম ও ফসফরাস থাকায় এটি শিশুদের দাঁত ও হাঁড় মজবুত রাখতে সহায়তা করে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আয়ন থাকায় এই মোচা খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। কলার মোচায় আরো আছে উচ্চমাত্রার ভিটামিন 'এ', যা মানুষের চোখের জন্য অত্যন্ত উপকারী। ভিটামিন 'এ' রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে।
উপকরণ : ১টা বিচি কলার মোচা, বড় আলু ২টা, ১০০ গ্রাম পোলাওয়ের চাল ,২ চামচ ঘি, ৪টা এলাচ, ৪ টুকরা দারুচিনি, ২/৩টা তেজপাতা , হাফ চা চামচ, ভাজা জিরা ,২টা শুকনো মরিচ,১ চামচ আদা বাটা, ১ চামচ জিরা বাটা, ১/২ (আধা চা চামচ) শুকনো মরিচের গুড়ো, আধা চা চামচ হলুদের গুড়ো, পরিমানমত তেল, লবন স্বাদমত।
রন্ধনপ্রণালী :
ছবি : বহুমাত্রিক
কলার মোচাকে ভালো করে বেছে ছোট ছোট করে কেটে নিতে হবে। বড় আলু দুটিকে ছুলে ছোট টুকরো করে কেটে নিই। পোলাওয়ের চাল গুলো অল্প সময়ের জন্যে ভিজিয়ে ছেকে নিতে হবে। তারপর একটি কড়াইয়ে পরিমানমত তেল দিয়ে তাতে ছাকা চালগুলো ভেজে নিতে হবে। ছোট করে কাটা কলার মোচাকে গরম জলে অল্প সময়ের জন্যে ভাপ দিয়ে নিই। এতে কলার মোচায় থাকা কালো কস আর থাকবে না।
একটি কড়াইয়ে পরিমানমত তেল নিই। তেল অল্প গরম হয়ে এলে তাতে হাফ চা চামচ জিরা দিতে হবে। জিরাগুলো হালকা লালচে হয়ে আসলে তাতে দারুচিনি, এলাচি, শুকনো লংকা, তেজপাতা দিয়ে দিই। মশলাগুলো একটু ভাজা হয়ে আসলে একে একে জিরা বাটা, শুকনো লংকার গুড়ো, আদা বাটা, পরিমানমত লবন তেলে দিয়ে দিতে হবে। এবার সিদ্ধ করা কলার মোচা গুলো মশলার মাঝে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে।
তারপর মশলার সেই মিশ্রণে ক্রমান্বয়ে ভাজা চাল, আলু দিয়ে দিতে হবে। মিশ্রণটিকে হাতা দিয়ে ভালো করে নেড়ে তাতে পরিমানমত পানি ঢেলে দিতে হবে। কড়াইয়ে ভালো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন চালগুলো ভালো করে সিদ্ধ হয়। চালগুলো সিদ্ধ হয়ে মাখামাখা হয়ে এলে তাতে ২ চামচ ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন কলার মোচার চালের ঘন্ট।