চাঁপাইনবাবগঞ্জ পর্যটন কেন্দ্র : বাস্তবায়িত হতে যাচ্ছে উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চাঁপাইনবাবগঞ্জ পর্যটন কেন্দ্র




চাঁপাইনবাবগঞ্জ পর্যটন কেন্দ্র

ছবি : সংগৃহীত



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ৪৪ একর জমির ওপর গড়ে উঠতে যাচ্ছে পর্যটন কেন্দ্র। জেলা সদরে বিনোদনের কোনও ব্যবস্থা না থাকায় প্রস্তাবিত এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠলে এই অঞ্চলের মানুষের জন্য নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। মুসলিম স্থাপত্য শিল্পে সমৃদ্ধ গৌড়ের রাজধানীতে পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখতে এই পর্যটন কেন্দ্র তোলা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। মাটি পরীক্ষার কাজ দিয়ে এখন পর্যন্ত এই পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। এরপর সীমানা প্রাচীর নির্মাণ ও বালু ভরাটের কাজ করা হবে। এই দুটি কাজ শেষ হতে ৬ মাসের মতো সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরপরই মূল পর্যটন কেন্দ্র নির্মাণ কাজ শুরু হবে। সংশ্লিষ্ট বিভাগ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি ও নিমগাছি মৌজার ৪৪ দশমিক ৫১ একর খাস জমির ওপর নির্মিত হচ্ছে এই পর্যটন কেন্দ্র।

চাঁপাইনবাবগঞ্জ পর্যটন কেন্দ্র

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাস্তবায়নে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং গণপূর্ত বিভাগ চাঁপাইনবাবগঞ্জের তত্ত্বাবধানে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, পর্যটন কর্পোরেশন এখানে পাঁচতারকা হোটেল, টেনিস মাঠ, যাদুঘর, সুইমিংপুল, পর্যবেক্ষণ টাওয়ারসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করবে। আর এই পর্যবেক্ষণ টাওয়ার থেকে ভ্রমণ পিপাসুরা জেলা সদরটি সুন্দরভাবে উপভোগ করতে পারবে। এতে করে জেলার অর্থনীতিতে সৃষ্টি হবে পর্যটনের নতুন খাত। দেশের উত্তরাঞ্চলীয় এই জেলার মানুষের জন্যে নেই তেমন কোনো বিনোদনের ব্যবস্থা, তাই একটু শান্তির নি:শ্বাস ফেলতে শহরবাসী মহানন্দা নদীর ব্রিজ ও সম্প্রতি নির্মিত শেখ হাসিনা সেতুতে ভিড় করেন।  সেতু এলাকায় যারা ঘুরতে আসেন, তারা পর্যটন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হওয়ার নিজেদের আনন্দের কথা জানিয়েছেন, সেই সঙ্গে এলাকার অর্থনীতিসহ পথঘাটের উন্নয়নের কথা ভেবে স্থানীয়রাও খুশি। ২০১৮ সালের ১৭ এপ্রিল এই পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সীমানা পিলার স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এরপর থেকে বেশ কয়েকদফা স্থানটির সম্ভাব্যতা যাচাই করা হয়।  

এস এম


আরো পড়ুন ঃ শীতে অতিথি পাখির রাজ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ফেসবুক পেইজঃ ট্রাভেল বাংলাদেশ