জেনে নিন ঝামেলামুক্ত ট্যুরের উপায়
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ট্যুরে কোন বিপদ বা ঝামেলা হলে করণীয়
ছবি : প্ল্যান্টলেট
ট্যুর আমরা সবসময় যেমন দেখি তেমন নাও হতে পারে। 'বিপদ কখনও বলে আসে না'-এই প্রবাদের দেখা মাঝেমধ্যে ট্যুরে পাওয়া যায়। তাই আগে থেকেই জেনে রাখা ভালো কোন বিপদ বা ঝামেলা হলে তা কিভাবে সামলানো যাবে। বিপদ বা ঝামেলার ভয়ে ট্যুর তো আর থেমে থাকবে না। ট্যুরে যেসব ঝামেলা মূলত হতে পারে সেগুলো হল টাকা শেষ হয়ে যাওয়া, কেউ অসুস্থ হয়ে পড়া, দলের কেউ বা কারও কোন জিনিস হারিয়ে যাওয়া, টুরিস্ট সিজনে রুম খুঁজে না পাওয়া ইত্যাদি। এছাড়াও অনাকাঙ্ক্ষিত বিপদের মধ্যে রোড এক্সিডেন্ট বা কারো বড় কোন ক্ষতি হতে পারে। এসব ক্ষেত্রে ট্যুর ম্যানেজারকে সামাল দিতে হয়। ট্যুরে যাওয়ার সময় আপনার পরিবার বা এমন কাউকে জানিয়ে যান যাতে ট্যুরে টাকা পয়সার সমস্যা হলে সে সাহায্য করতে পারে। বর্তমানে মোবাইল ব্যাংকিং-এর যুগে টাকা শেষ হয়ে যাওয়ার সমস্যা কোন বড় সমস্যা না। খুব সহজেই এর সমাধান করা যায়।
ট্যুরে কেউ অসুস্থ হয়ে পড়লে যদি প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠিক করা যায় তবে আপাতত তাই করে নিজের বাড়িতে যত দ্রুত পারা যায় ফিরে এসে বাকি চিকিৎসা নেয়া ভালো। তবে বেশি অসুস্থ হয়ে পড়লে লোকাল মেডিকেল বা ক্লিনিকে অবশ্যই যেতে হবে। হোটেল কতৃপক্ষের সাহায্য নেওয়া যেতে পারে এ ব্যাপারে। অনেক সময় গ্রুপ ট্যুরে কেউ কেউ দলছাড়া হয়ে পড়ে। অনেক এলাকায় ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করে না তাই এই ব্যাপারে আগে থেকেই সতর্ক থাকতে হবে। নেটওয়ার্কে সমস্যা এমন এলাকায় গেলে অবশ্যই ট্যুরমেটদের ব্যাপারে সতর্ক থাকবেন কেউ যাতে দলছুট না হয়। অনেক সময় প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। যাত্রাপথে পকেট থেকে মোবাইল বা মানিব্যাগ পড়ে যাওয়া কিংবা কোন স্পটে ঘুরতে গিয়ে কিছু ফেলে রেখা আসা খুবই সাধারণ ঘটনা। এরকম পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সেই স্পটে যদি যাওয়া সম্ভব হয় তবে গিয়ে নিয়ে আসতে পারেন অথবা সেখানকার দায়িত্বশীল ব্যক্তিদের সাথে যোগাযোগ করে তা পাঠানোর অনুরোধ করতে পারেন।
আর যদি ফিরে যাওয়া সম্ভব না হয় তাহলে কিছুই করার থাকে না। এই ব্যাপারগুলোতে তাই সতর্ক থাকতে হবে। প্রয়োজনে লোকাল পুলিশ বা স্থানীয়দের সাহায্য নিতে হবে। টুরিস্ট সিজনে ট্যুর দিলে রুম বুকিং এর কাজ আগেই করতে হবে। নাহলে বড় গ্রুপ নিয়ে ট্যুরে গেলে বিপদে পড়বেন। যেমন ঈদ বা বড় বড় ছুটির সময়গুলোতে কক্সবাজার, সাজেক এসব জায়গায় রুম পাওয়া বেশ কঠিন। আগে থেকে বুকিং না দিয়ে রাখলে রুম না পাওয়ার সম্ভাবনাই বেশি। একইভাবে অভ্যন্তরীন যাতায়াতের জন্য গাড়ির বুকিং ও দিয়ে রাখতে হবে টুরিস্ট সিজনে। আর যদি বড় কোনও ক্ষতি অর্থাৎ চুরি, ছিনতাই বা কোনও এক্সিডেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই লোকাল পুলিশ ও সেই এলাকায় দায়িত্বে থাকা ব্যক্তিদের সাহায্য নিতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ যতটা পারা যায় কমিয়ে আনতে হবে। ট্যুর ম্যানেজারকে এসব মুহুর্তে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। বাকি টুরিস্টদের নিরাপদ স্থানে রেখে যাদের সমস্যা হয়েছে তাদের সমস্যা সমাধানে মনোযোগ দিতে হবে।
ছবি : দ্যা ফাইনানসিয়াল এক্সপ্রেস
বাংলাদেশে বর্তমানে ট্যুরিস্ট পুলিশ বেশ তৎপর এবং বিপদে-আপদে তাদের সাহায্য পাওয়া যায় সহজেই। তাই কোথাও গেলে টুরিস্ট পুলিশের নাম্বার সাথে রাখুন। কোন বিপদের সম্ভাবনা দেখলে তাদের জানান। দুর্গম এলাকায় গেলে অবশ্যই নিজের নিরাপত্তার কিছু সরঞ্জাম সাথে রাখুন। বিপদ-আপদ আসতেই পারে সাহস ও বুদ্ধিমত্তার সাথে তা মোকাবেলা করাই মূল কাজ। কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।