ঘুরে আসুন সবুজের রাজ্য থার্ড টেরেস রিসোর্ট, গাজীপুর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ঢাকার কাছাকাছি অবকাশ কেন্দ্র : থার্ড টেরেস রিসোর্ট, গাজীপুর

গাজীপুরের নিবিড় বনের প্রাকৃতিক শোভায় গড়ে তোলা হয়েছে এই থার্ড টেরেস রিসোর্ট। অপার সবুজের ছাউনিতে জড়ানো এই অপূর্ব রিসোর্টটি প্রকৃতি প্রেমীদের নিকট হয়ে উঠেছে দারুণ পছন্দের একটি অবকাশ যাপন কেন্দ্র। গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারিয়া পাড়ায় এই রিসোর্টটি অবস্থিত। ভাওয়াল জাতীয় উদ্যানের খুব কাছেই অবস্থিত এই রিসোর্টটি এক সবুজের রাজ্য। প্রায় ৩ একর জায়গার ওপর গড়ে তোলা এই রিসোর্টটি সবুজ সতেজতার অনন্য এক কাব্য। ছায়া সুনিবিড় বৃক্ষ কাননে পুরো রিসোর্টটি প্রশান্তির এক পরম আশ্রয়। সাথে বিনোদনের নানান আয়োজন ও আধুনিক সুযোগ-সুবিধা এটিকে করেছে গাজীপুরের অন্যতম চমৎকার একটি রিসোর্টে। এই রিসোর্টটিতে প্রবেশ করতেই যে কারো মন ভালো হয়ে যাবে। ঢুকবার পথটুকু মনে হবে গাছের ছাউনি। এই মনোরম দৃশ্য মুগ্ধ করবেই। রিসোর্টটা খুব শান্ত, নিরিবিলি।
চলে আসুন ফুলের বাগানে
সবুজের বাহার এখানে এতোটাই বেশি যে মনে হবে সীমাহীন অরণ্যে ঢুকে পড়েছেন। এই সবুজের রূপে আগুন লাগিয়েছে বাহারি ফুলের মেলা। এখানে সেখানে বাগান আর বাগান। গোলাপ থেকে শুরু করে নানান জাতের জবা, কলাবতী,শাপলা, অর্কিডসহ অসংখ্য ফুলের রাজ্য এখানে। আছে নানা জাতের ফলের গাছের সমাহার।
রিসোর্টের সার্ভিসসমূহ
রিসোর্টটিতে আছে চমৎকার কিডস প্লে-জোন। মজার ব্যাপার হলো এই কিডস জোনে এসে বড়রাও এসে আনন্দ করে। এখানে সিঙ্গেল, ডাবল, ট্রিপলসহ নানান সাইজের এর দোলনা আছে। প্রকৃতির মাঝে প্রশান্তিময় সময় পার করতে অনেকগুলো হ্যামকও দেয়া আছে। এছাড়া দরজার সামনে আছে একটা রকিং চেয়ার। রিসোর্টটিতে আছে মনোরম একটি লেক। লেকের পাড়ে চমৎকার কৃত্রিম ঝর্না থেকে অবিরাম ধারায় গড়িয়ে পড়ে জল। চাইলে লেকের জলে নৌকায় করে ঘুরে বেড়াতে পারেন । লেকে পাড়েই রাখা আছে চমৎকার সাজানো বজরা। লেকের পাশেই আছে দারুণ বসার শেড। সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে এখানে বসে চমৎকার আড্ডা হয়ে যাবে। দারুণ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের এই রিসোর্টে আছে আরও বিভিন্ন সুযোগ-সুবিধা।আছে সম্পূর্ণ মাটির তৈরি ৫০ জনের ধারণক্ষমতা সম্পন্ন কনফারেন্স রুম। যেকোন অনুষ্ঠানের আয়োজন করা যাবে এই কনফারেন্স রুমে। এছাড়া, বারবিকিউ ও পিকনিক আয়োজনের সকল ব্যবস্থা রয়েছে রিসোর্টটিতে। এখানে আছে চমৎকার ডাইনিং রুম। নানা ধরনের বাংলা খাবার সহ পছন্দ অনুযায়ী যেকোন খাবার পেয়ে যাবেন এখানে। খাবারের মানও বেশ উন্নতমানের। রিসোর্টটিতে অতিথিদের জন্য বিভিন্ন ধরনের রুম,বাংলো এবং কটেজ রয়েছে। আধুনিক সকল সুযোগ-সুবিধা রয়েছে প্রতিটি রুমে। কটেজের মধ্যে আছে উইন্ডসং এবং ওয়াইল্ডউড নামে দুটি কটেজ। উইন্ডসং- দা ব্লু কটেজ এর ভাড়া প্রতি রাতের জন্য ৪০০০ টাকা,ওয়াইল্ডউড- দা গ্রিন কটেজ এর ভাড়া ৪০০০ টাকা, সাধারণ রুম ৩০০০ টাকা এবং এক্সট্রা বেড এর জন্য খরচ পড়বে ৬০০ টাকা।
যেভাবে যাবেন :
ঢাকা থেকে ময়মনসিংহ গামী বাসে করে গাজীরপাড়া নামতে হবে। সেখান থেকে ছোট গাড়িতে করে এই রিসোর্টটিতে পৌঁছানো যায়।ফোন : 01777-756298
ফেইসবুক পেজ : www.facebook.com/ThirdTerraceResorts
রুবাইদা আক্তার এস এম