আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বন্ধ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিমান বাংলাদেশ
চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাস রোধে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত রবিবার (৫ এপ্রিল) ফ্লাইট স্থগিতের এই সময়সীমা বাড়ানো হয়। গণমাধ্যমের কাছে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে, এই সময়ে ফ্লাইট থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এর আগে গত ২১ মার্চ ১০টি দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত করে বাংলাদেশ। তার আগে গত ১৫ মার্চ দুই সপ্তাহের জন্য সব অন অ্যারাইভাল ভিসা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। গত ২৮ মার্চ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চের স্থলে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো, যা এখন বাড়ানো হলো ১৪ তারিখ পর্যন্ত। শুধুমাত্র চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুট এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।’ দেশের অভ্যন্তরে বাংলাদেশ বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে।
এ ছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লি, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট, ও দুবাই-এই ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, যাত্রীরা যেখান থেকে টিকিট কিনেছেন, সেখান থেকে টাকা ফেরত নিতে পারবেন। যারা বিদেশ থেকে টিকিট কেটে বাংলাদেশে এসেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হবে। গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকে বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ২ শতাধিক এবং মৃত্যুর সংখ্যা ২০ এ গিয়ে ঠেকেছে।
এস এম ইফতেখার মাছুম এস এম
আরো পড়ুন ঃ পর্যটন শিল্পে ৫ হাজার ৭০০ কোটি টাকার ক্ষতি, দ্রুত ঋণ দেয়ার দাবি টোয়াবের
