ভিন্ন আঙ্গিকের বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি : পুর্বাচল, ঢাকা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : খাবারের পাশাপাশি শৈল্পিক জার্নির অভিজ্ঞতা পেতে বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি



বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি (BEGUM Restaurant & Gallery)

প্রকৃতির মাঝেই গড়ে তোলা হয় রেস্টুরেন্টটি। ছবি : বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি


শহুরে জীবনে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কিছুটা আনন্দপূর্ণ সময় কাটাতে নগরবাসী ভিড় জমায় রেস্টুরেন্টগুলোতে। যান্ত্রিক জীবনের ব্যস্ততার ফাঁকে কিছুটা প্রশান্তি পেতে শহুরে মানুষরা চলে যান বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে। নানান স্বাদের খাবারের সাথে রেস্টুরেন্টগুলোতে থাকে বিনোদনের নানান আয়োজন। এই রেস্টুরেন্টগুলোতে খাবারের পসরার সাথে থাকে দৃষ্টিনন্দন ইন্টেরিয়র। আজ জানাবো তেমনই এক ভিন্নধর্মী রেস্টুরেন্ট এর কথা। নাম তার বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি (BEGUM Restaurant & Gallery)।

মনোরম শৈল্পিক পরিবেশে সময় কাটানোর সুযোগ

প্রাকৃতিক পরিবেশে খাবারের সাথে এখানে পাবেন মনোরম শৈল্পিক পরিবেশে সময় কাটানোর সুযোগ। ব্যস্ততা শেষে কিছুটা সময়ের জন্য হলেও এখানে কাটাতে পারবেন দারুণ কিছু মুহূর্ত। সাথে লোভনীয় স্বাদের খাবারের আয়োজন তো আছেই। ভিন্ন আঙ্গিকের রেস্টুরেন্ট বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারী ঢাকার পূর্বাচলে অবস্থিত। প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা এই রেস্টুরেন্টটি নান্দনিক শৈল্পিকতায় ভরপুর। রেস্টুরেন্টটিতে ঢুকলেই চারদিকে চোখে পড়বে বিভিন্ন ধরনের চিত্রকর্ম। মাথার ওপরের সিলিং সাজানো হয়েছে নানা কারুকার্যের ছাতা দিয়ে। এছাড়া দেয়ালে, টেবিলের পাশে সব জায়গাই রঙিন সব শৈল্পিক চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে। এই রেস্টুরেন্টটির ইন্টেরিয়র অত্যন্ত নান্দনিক যা যে কারো মন প্রফুল্ল করে তুলবে।

আরও পড়ুন : বাঙালির রসুইখানার স্বাদ পেতে মাটির ঘর রেস্টুরেন্টে : গাজীপুর


বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি (BEGUM Restaurant & Gallery)

বিভিন্ন ধরণের চিত্রকর্ম দিয়ে সাজানো রেস্টুরেন্টটি। ছবি : বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি



আর্ট গ্যালারি

এখানকার চিত্রকর্মগুলো সুফিবাদ আদর্শ থেকে অনুপ্রাণিত। পৃথিবীর বিভিন্ন দেশের সুফিবাদী চিত্রকররা এই চিত্রকর্মগুলো এঁকেছেন। সুফিবাদী চিন্তাধারার প্রভাব এই রেস্টুরেন্টের সার্বিক ডিজাইনে লক্ষ্য করা যায়। এই রেস্টুরেন্টটি একটি আর্ট গ্যালারিও। এখানে বিভিন্ন শিল্পীদের চিত্রকর্মও প্রদর্শন করা হয়। রেস্টুরেন্টটির মূল অংশ ছাড়িয়ে ভেতরের খোলা অংশে গেলেও চমৎকার সব আয়োজন দেখা যায়। বৈচিত্র্যতার জন্য এখানটাও সাজানো হয়েছে বর্ণিলভাবে।

ডিঙ্গি নৌকা

প্রাকৃতিক পরিবেশে বসে খাবার উপভোগের জন্য রাখা আছে ডিঙ্গি নৌকা। চাইলে এই নৌকাগুলোতে বসে খাওয়া-দাওয়া করতে পারেন। রেস্টুরেন্টটি ঘিরে আছে দারুণ প্রাকৃতিক পরিবেশে। আছে বাঁশ গাছ। বাহিরে বসার জন্য চমৎকার চেয়ার টেবিল দেয়া আছে।

তাঁবুর লাইব্রেরি

এই রেস্টুরেন্টের আরেকটি আকর্ষণ হল তাঁবুর লাইব্রেরি। একটি তাঁবুতে করা হয়েছে চমৎকারভাবে সাজানো লাইব্রেরি। এখানে বিভিন্ন বই নেড়েচেড়ে দারুণ কিছু সময় কাটাতে পারবেন নিজের মত করে। রেস্টুরেন্টটিতে বিভিন্ন সময়ে আয়োজিত হয় চিত্র প্রদর্শনীর। দেশ ও বিদেশের স্বনামধন্য সুফি চিত্রকররা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের জন্য বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষারও আয়োজন করে এই রেস্টুরেন্ট।


বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি (BEGUM Restaurant & Gallery)

তাঁবুর মাঝেই গড়ে তোলা হয় লাইব্রেরিটি। ছবি : বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি


এই রেস্টুরেন্টটিতে দেশীয় খাবারের আয়োজন করা হয়। দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা আছে এখানে। সাদা ভাত, বিভিন্ন ধরনের ভর্তা, মুরগীর ঝাল ফ্রাই, গরুর ভুনা, হাসের মাংস, মাছ ইত্যাদি খাবার পাবেন এখানে। জনপ্রতি খাবারের খরচ পড়বে ২৫০-৩০০ টাকার মতো। এখানে খাবার পরিবেশনেও রয়েছে দেশীয় ঐতিহ্যের ছোঁয়া। এখানে বিভিন্ন রকমের ভর্তা গাছের পাতায় মুড়িয়ে পরিবেশন করা হয়। এছাড়া অন্যান্য খাবারগুলোও পরিবেশন করা হয় অত্যন্ত নান্দনিক ভাবে সাজিয়ে। এছাড়াও রমজান মাসে এখানে পাবেন‘আক্কালা প্যাক’ নামে ইফতারির বিশেষ মেন্যু। এই রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত খোলা থাকে। চমৎকার মুখরোচক খাবারের পাশাপাশি সুন্দর একটি পরিবেশে কিছু সময় কাটাতে চাইলে তাই চলে যেতে পারেন বেগম রেস্টুরেন্টে ।এখানে শৈল্পিক সৌন্দর্যের মাঝে মন হয়ে উঠবে আরও বেশি প্রফুল্ল।

আরও পড়ুন : ভিন্নধর্মী রেস্টুরেন্ট যাত্রা বিরতি


বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি (BEGUM Restaurant & Gallery)

বিভিন্ন পদের দেশি খাবারের স্বাদ পাবেন এখানে। ছবি : বেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারি



যেভাবে যাবেন :

ঢাকা থেকে এই রেস্টুরেন্টে যেতে কুড়িল থেকে উলুখোলাগামী ৩০০ ফিট সড়ক ধরে যেতে পারেন। ৩০০ ফিট সড়ক হয়ে ঢাকা-নরসিংদী সড়কে যেয়ে পাঁচদোনার দিকে কয়েক কিলোমিটার গেলেই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটি। নিজস্ব গাড়ি নিয়ে সহজেই চলে যেতে পারবেন এখানে। এই রাস্তাটি সম্পূর্ণ যানজটমুক্ত। তাই সুন্দর একটা লং ড্রাইভও হয়ে যাবে।

যোগাযোগ :

ফোন: 01725-020670

ফেইসবুক পেইজ : https://www.facebook.com/BEবেগম রেস্টুরেন্ট এন্ড গ্যালারিGUMRestaurantandGallery  

রুবাইদা আক্তার   এস এম