একজন আর্টিস্ট যখন টাইয়ের সাথে মিলিয়ে মাস্ক পরেন। ছবি : ইনসাইডার ডট কম
করোনা মহামারীতে পুরো বিশ্ব আজ নিস্তব্ধ। করোনা থেকে নিরাপদে থাকতে আপাতত মাস্কের কোন বিকল্প নেই। সমগ্র বিশ্ব তাই মাস্কের ব্যবহারের উপর জোর দিচ্ছে।
কিন্তু করোনার এই মাস্ক কেন সাদামাটা হবে! কে বলেছে নিজেকে সুরক্ষিত রাখার সময়ে সুন্দর দেখানো যাবে না! আফ্রিকার ডিজাইনাররা তাই নানারকম নকশায় মাস্কগুলো সাজাচ্ছেন।
মাস্ককে আরও বেশি গ্ল্যামারাস করে তুলতে বিশ্বের ডিজাইনাররা তাই এখন ব্যস্ত। ফ্যাশনেবল থেকে শুরু করে পোশাকের সাথে ম্যাচিং হিসেবেও ভিন্নধর্মী মাস্কও তৈরি করছেন ডিজাইনাররা।
সুন্দরের সাথে করোনাকে রুখতে তাদের এই প্রয়াস। বিশ্বের বিভিন্ন ধরণের বাহারি এসব মাস্কের গল্প বলা হবে আজ।
স্কার্ট থেকে মাস্ক :
অব্যবহৃত স্কার্ট থেকে মাস্ক তৈরি করছেন লাইবেরিয়ার গার্মেন্টস কর্মীরা। 'দ্যা বম্বশেল ফ্যাক্টরির' সকল নারী কর্মীরা মিলে বিক্রি হয়নি এমন স্কার্ট কেটে তৈরি করেছে মাস্কটি।
মাস্কগুলো তৈরি করে গৃহহীন অসহায় মানুষদের দান করেছে তারা। নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করছে।
ছবির চরিত্ররা যখন মাস্কে :
জোকারের চরিত্র মাস্কে ফুটিয়ে তুলেছেন একজন। ছবি : ইনসাইডার ডট কম
অস্ট্রিয়ার শিল্পী ম্যাথিয়াস বিভিন্ন জনপ্রিয় ছবির তারকাদের ফুটিয়ে তুলেছেন মাস্কে। ম্যাথিয়াস প্রতিদিন সন্ধ্যায় একটি মাস্কে এমন ছবির তারকাদের জন্ম দেন ও তার ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। আপাতত তিনি নিজের জন্যই এমন ডিজাইনিং মাস্কগুলো তৈরি করছেন।
মাস্কে যখন মুক্তা :
ফ্যাশন ফটোগ্রাফার টিনকা উইনার মুক্তোখচিত মাস্ক। ছবি : ইনসাইডার ডট কম
ফ্যাশন ফটোগ্রাফার টিনকা উইনার মুক্তা-খচিত এই মাস্কটি পরিধান করেন। তিনি নিজেই এই মাস্কটি তৈরি করেছেন। মাস্কটি শুধু নাকের বদলে পুরো মুখই ঢেকে রাখে।
সবজি যখন মাস্ক :
গাজায় এক মা তার বাচ্চাদের জন্য ফুলকপির পাতা দিয়ে মাস্ক বানিয়ে দিচ্ছেন। ছবি : ইনসাইডার ডট কম
বাসায় ফেলে দেয়া বা নষ্ট হয়ে যাওয়া সবজি কি ফেলে দেন? গাজায় কিন্তু সবজির এই উচ্ছিষ্টাংশ ব্যবহৃত হচ্ছে মাস্ক হিসেবে। গাজায় দেখা যায় এক মা তার বাচ্চাদের জন্য ফুলকপির পাতা দিয়ে মাস্কটি বানিয়ে দিচ্ছেন। ছবিটি সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়।
মাস্ক হিসেবে পানির বোতল :
ট্রাফিক নিয়ন্ত্রকের মুখে মাস্কের বদলে পানির বোতল। ছবি : ইনসাইডার ডট কম
ট্রাফিক নিয়ন্ত্রকের মুখে মাস্কের বদলে পানির বোতল। ইন্দোনেশিয়ার এক ট্রাফিক নিয়ন্ত্রক মাস্ক হিসেবে ব্যবহার করেছেন পানির বোতলকে। নিরাপদের দিক থেকে পানির বোতল কার্যকর না হলেও চমকের দিক থেকে এটি সবাইকে বেশ আকৃষ্ট করেছে।
করোনা থেকে বাঁচতে মুখে প্লাস্টিকের বোতল :
মাস্ক হিসেবে বাচ্চারা প্লাস্টিকের বোতল কেটে ব্যবহার করছে। ছবি : ইনসাইডার ডট কম
করোনা ভাইরাসের থেকে নিরাপদে থাকতে মুখে প্লাস্টিকের বোতল দিয়ে রাখতে দেখা গেছে চীনে। করোনার জন্ম চীনের উহানে, প্রাথমিক পর্যায়ে চীনে এর ভয়াবহতা ছিলো তুমুল। বেইজিং বিমানবন্দরে জানুয়ারি মাসে বোতল দিয়ে মুখ ঢাকার এমন ছবি দেখা যায়।
বিয়ের পোশাক যখন সুদৃশ্য মাস্ক :
জার্মানির ডিজাইনার ফ্রেডরিক জরজিগ এর তৈরি বিয়ের পোষাকে মাস্ক। ছবি : ইনসাইডার ডট কম
বিয়েতে ঘোমটার সাথে ম্যাচিং করে সু-দৃশ্য মাস্কটি তৈরি করছেন জার্মানির এই ডিজাইনার। করোনার সময়েও কিন্তু দিকে দিকে শুভ বিবাহের বাঁশি বেজেই চলেছে।
ফ্যাশনের সাথে সাথে সু-স্বাস্থ্য নিশ্চিত করতে এই সময়ে মাস্কতো আবশ্যক৷ তাই এই বিশেষ দিনে নিজেকে সুন্দর দেখানোর জন্য পোশাকের সাথে ম্যাচিং মাস্কটি তৈরি করেছেন জার্মানির ডিজাইনার ফ্রেডরিক জরজিগ।
কুড়িয়ে পাওয়া আবর্জনা থেকে মাস্ক :
আবর্জনা দিয়ে মাস্ক তৈরি করেছেন ফ্যাশন ফটোগ্রাফার মার্সিও রদ্রিগেজ। ছবি : ইনসাইডার ডট কম
রাস্তার আবর্জনা রিসাইকেলের মাধ্যমে বিভিন্ন জিনিশ তৈরি করার কথা প্রায়শই শোনা যায়। তবে এবার এসব আবর্জনা দিয়ে মাস্ক তৈরি করেছেন ফ্যাশন ফটোগ্রাফার মার্সিও রদ্রিগেজ।
শুধুমাত্র মাস্কের জন্য সচেতনতা তৈরি করা ছাড়াও করোনার সময়ে রাস্তার আবর্জনা যেন নির্দিষ্ট জায়গায় ফেলা হয় সে বিষয়টিও তিনি বুঝিয়েছেন।