মলিদা : বরিশালের ঐতিহ্যবাহী খাবার

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চালের গুড়ো দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী খাবার মলিদা



মলিদা

ডাবের পানি দিয়ে বানানো চিড়ার মলিদা; ছবি : এবি নিউজ ৩৬৫


বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের খাবারের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। মেজবানের কথা শুনলেই যেমন চট্টগ্রামের কথা মাথায় আসে, তেমনই সাতকড়া দিয়ে তৈরি খাবারের সাথে মিশে আছে সিলেট অঞ্চলের নাম। আমাদের নদী বিধৌত বরিশালেও বিখ্যাত কিছু খাবার রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মলিদা। বরিশালে বিভিন্ন রকম ধানের বেশ ভাল ফলন হয় বিধায় চালের গুড়ো দিয়ে তৈরি এই মলিদা বহু আগে থেকেই স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। বরিশাল অঞ্চলের বাইরে এখন এর তেমন প্রচলন না থাকলেও একসময় ইফতার কিংবা ঈদসহ বিভিন্ন উপলক্ষে গ্রামে ঘরে ঘরে চাল গুড়ো করে এই মলিদা তৈরির আয়োজন ছিল দৈনন্দিন ব্যাপার।

আরও পড়ুন : শশী বাবুর দোকানের শশী মিষ্টি, বরিশাল

ঢেঁকিতে চাল গুড়ো করে কিংবা শিল পাটায় পিষে একসময় এই খাবার বানানো হত। সময়ের সাথে সাথে এসব খাবারও হারিয়ে যাচ্ছে। মলিদা এখনও বরিশালে অতিথি আপ্যায়নে ব্যবহৃত হলেও এই এলাকার বাইরে এর তেমন একটা পরিচিতি নেই। অন্য এলাকার মানুষ হয়েও মলিদা চেখে দেখতে চাইলে ঘরে বসেই খুব সহজে তৈরি করে নিতে পারেন ঐতিহ্যবাহী এই খাবার।

মলিদা তৈরিতে যা লাগবে

মলিদার মূল উপকরণ আতপ চালের গুড়ো। এছাড়াও লাগবে কোরানো নারকেল, দুধ, আদা বাটা, চিনি কিংবা আখের গুড় এবং লবণ।


মলিদা

ছবি: সময় নিউজ ২৪ ডট কম


প্রস্তুত প্রণালী প্রথমে নরম না হওয়া পর্যন্ত আতপ চাল ভিজিয়ে রাখুন। চাল নরম হয়ে গেলে পাটায় পিষে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এমনভাবে পেস্ট করতে হবে যাতে এর মধ্যে কোন দানা না থাকে এবং মিহি হয়ে যায়। অন্যদিকে চুলায় দুধ ভাল করে ফুটাতে হবে এবং এর মধ্যে পরিমাণমত চিনি বা গুড় মেশাতে হবে। এবারে চালের পেস্টের সাথে আদা বাটা এবং কোরানো নারকেল ভাল করে মিশিয়ে এর সাথে জ্বাল করা দুধ ঠাণ্ডা করে এমনভাবে মেশাতে হবে যাতে সবকিছু ভালভাবে মিলে যায়। সাথে স্বাদ অনুযায়ী সামান্য লবণ মিলিয়ে দিন। মলিদার সাথে পুদিনা পাতা, বিট লবণ কিংবা ধনেপাতা ব্যবহার করা যাবে না তাহলে এর মূল স্বাদ নষ্ট হবে। মলিদা সাধারণত ঠাণ্ডাই পরিবেশন করা হয়। চাইলে এর ওপরে ডাবের শাঁস কুচিও দেয়া যায়। খাবার সময়ে এর উপরে মুড়ি বা খই দিয়ে খাওয়া হয়। মুড়ি বা খই আগে থেকে মেশালে নরম হয়ে যাবে তাই খাবার সময়েই মেশানো উচিত।

আরও পড়ুন : দেশের সকল আঞ্চলিক খাবারের রেস্টুরেন্ট ঢাকায়!

চিড়ার মলিদা তৈরি করতে চাইলে

আতপ চালের গুড়ো দিয়ে তৈরি মলিদা অনেকসময় বয়স্কদের সহজে হজম হতে চায় না তাই বিভিন্ন জায়গায় চালের গুড়োর বদলে চিড়াও ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে চিড়া ধুয়ে ভিজিয়ে রেখে নরম করে নিতে হবে। এর সাথে নরম ডাবের শাঁস, আদা কুচি, স্বাদমতো লবণ ও চিনি পেস্ট করে নিতে হবে যাতে কোন দানা-ভাব না থাকে। এরপরে ডাবের পানি মিশিয়ে বানাতে হবে চিড়ার মলিদা। অনেকে একে চিড়ার শরবতও বলেন। চিড়ার মলিদা কিংবা শরবত যে নামেই ডাকা হোক না কেন পেট ঠাণ্ডা রাখতে খুবই উপকারী এই শরবত। রোজার সময়ে ইফতারে বিভিন্ন শরবতের পাশাপাশি এর কদরও বেড়ে যায়।  

জোহরা মহসীন   এস এম


তথ্যসূত্র: ১। www.daily-bangladesh.com ২। somoynews.tv/pages/details/215409/সুস্বাদু-মলিদা-শরবত ৩। abnews365.blogspot.com