সিডনি অপেরা হাউজ : আধুনিক স্থাপত্যের এক বিস্ময়কর নিদর্শন

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ১৪ বছরের দশ হাজার কর্মী মিলে নির্মাণ করে অনিন্দ্যসুন্দর স্থাপত্যটি



সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া। ছবি : সিডনি অপেরা হাউজ


স্থাপত্য শৈলীর নিদর্শনে যুগ যুগ ধরে নির্মিত হয়েছে অসাধারণ চোখ-ধাঁধানো সব স্থাপনা। এসব স্থাপনা তার শৈল্পিক সৌন্দর্য আর অনন্যতার জন্য পরিণত হয়েছে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যে। আর এগুলোকে ঘিরে সেসব জায়গাও পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে। তেমনই একটি জনপ্রিয় স্থাপনা হলো সিডনি অপেরা হাউজ। আধুনিক স্থাপত্যকলার বিস্ময়কর এই নিদর্শনটি কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরের বেনেলং পয়েন্টে এটি অবস্থিত। নৌকার পালের আকৃতির মতো দেখতে এই বিশাল স্থাপনাটিতে অনেক ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর নকশা অনেকটা জাহাজের মতই যা একে অনন্য এক স্থাপত্যে পরিণত করেছে।  

সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া।

সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া। ছবি : উইকিপিডিয়া


সিডনি অপেরা হাউজ নির্মাণ 

স্থাপত্যকলার অপরূপ এই নিদর্শনটি নির্মাণ করতে সময় লেগেছিল ১৪ বছর। ১৯৫৬ সালে অপেরা হাউজ নির্মাণের জন্য নকশা আহ্বান করা হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এর জন্য ২৩৩টি নকশা জমা পড়ে। অনেকগুলো নকশার মধ্যে থেকে একটি নকশাকে চূড়ান্ত হিসেবে অনুমোদন দেয়া হয়। নকশাটি ছিল সুইডেনের স্থপতি জর্ন অটজানের। এই নকশার সম্পূর্ণ পরিকল্পনা শেষ করতে চার বছর সময় লেগেছিল। যার ফলে এর নির্মাণ কাজ শুরু হয় ১৯৫৯ সাল থেকে। অপেরা হাউজের নির্মাণে ১০ হাজার কর্মী কাজ করেছিল। এটি প্রায় ১ দশমিক ৬২ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এবং এর ছাদ তৈরিতে প্রায় ১০ লাখ টাইলস ব্যবহার করা হয়েছে। তিনটি ধাপে এটি নির্মিত হয়, প্রথমে বিশাল পোডিয়াম, দ্বিতীয় ধাপে জাহাজের পালের মতো ছাদ, তৃতীয় ধাপে অভ্যন্তরের কাজ। এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল ১০ কোটি ২০ লাখ ডলার।

সিডনি

সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া। ছবি : সিডনি ডট কম


উদ্বোধন

অস্ট্রেলিয়ার রানী দ্বিতীয় এলিজাবেথ ২০ অক্টোবর ১৯৭৩ সালে অপেরা হাউস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। যা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখানো হয়। ২০০৭ সালে ইউনেস্কো এটিকে 'ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট'-এ অন্তর্ভুক্ত করে। অপেরা হাউজের ভেতরে রয়েছে ২ হাজার ৬৭৯ সিটের কনসার্ট হল, ১ হাজার ৫০৭ সিটের আপেরা থিয়েটার, ৫৪৪ সিটের ড্রামা থিয়েটার, ৩৯৮ সিটের প্লে হাউস এবং ৪০০ লোক একসাথে কাজ করার মতো স্টুডিও। অত্যাধুনিক ইন্টেরিয়র দিয়ে পুরো অপেরা হাউজের ভেতরটা ডিজাইন করা হয়েছে। কনফিগারেশন পরিবর্তন করে এর হলের আয়তন ও সিট ক্যাপাসিটি বাড়ানো ও কমানো যায়। বছর জুড়ে নানা ধরনের অনুষ্ঠানে অপেরা হাউজ ব্যস্ত থাকে। এখানে প্রথম অনুষ্ঠান করেন পল রবিনসন।
অপেরা হাউজ

সিডনি অপেরা হাউজ, অস্ট্রেলিয়া। ছবি : ডন আরনোল্ড


প্রতিবছর প্রায় ৮০ লাখ পর্যটক এই অপেরা হাউজ দেখতে আসেন। এটিকে ঘিরে পুরো সিডনি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। পর্যটকরা এখানে থিয়েটার বা স্টেজ শো দেখার পাশাপাশি পুরো অপেরা হাউজটি ঘুরে দেখতে পারেন। টিকিটের বিনিময়ে যেকেউ এটি ঘুরে দেখতে পারেন। এছাড়া দলগত ভাবেও ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। যারা এখানে নতুন পরিদর্শনের আসেন তাদের জন্য বেশ কয়েকজন গাইডের ব্যবস্থা রয়েছে। গাইডরা দর্শনার্থীদের কাছে এই স্থাপনা নির্মাণের ইতিহাস তুলে ধরেন এবং বিশাল এই স্থাপনাটির সবকিছুর সাথে পরিচয় করিয়ে দেন। পর্যটকরা অপেরা হাউজের রেলিঙের একতলা সমান নিচে জলের প্রান্ত ঘেঁষে পাতা চেয়ার-টেবিলে খোলা আকাশের নিচে বসতে পারেন। এখানে বসে খাওয়া-দাওয়ার পাশাপাশি চারপাশের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারেন। গ্রীষ্মের রৌদ্রজ্জ্বল দিনে এই সৌন্দর্য আরো বেশি নজর কাড়ে। এখান থেকে বিখ্যাত সিডনি হারবার ব্রিজ, হারবারকে ঘিরে নীল জল, সেখানে নোঙর করা বিভিন্ন জাহাজ চোখে পড়বে। আরো আছে হারবারের অপর পাড়ের ঘরবাড়ি, জাহাজঘাটের পেছনের মাথা উঁচু করে থাকা বাণিজ্যিক ভবনগুলোর ঝলমলে রূপ।  


রুবাইদা আক্তার   এস এম