স্বপ্নবীথি পিকনিক স্পট, নড়াইল : ব্যস্ততার মাঝে স্বপ্নের হাতছানি

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বিস্তীর্ণ প্রান্তরজুড়ে ছুটি কাটানোর দারুন জায়গা

shopno-bithi স্বপ্নবীথি পিকনিক স্পট, লোহাগড়া, নড়াইল। ছবি : ভ্রমণইনফো ডট কম


'আজ ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ায়

লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা

নীল আকাশে কে ভাসালে

সাদা মেঘের ভেলা রে ভাই-লুকোচুরি খেলা । '

চলছে শরৎকাল, নীল আকাশে সাদা মেঘেদের ভেসে বেড়ানোর সময়, কাশফুলে ভরে উঠবে বিস্তীর্ণ প্রান্তর। কখনও মেঘ, কখনও রোদ্দুরের এই এলোমেলো সময়ে মন যেন ঘরেই বসে না। মন কেমন যেন উড়ু উড়ু করতে থাকে, মনে হয় মেঘেদের মত যদি ভেসে বেড়ানো যেত প্রান্তর প্রান্তর থেকে প্রান্তরে! আবার দুর্গাপূজার জন্য কিছুদিন অবকাশ ও মেলে অনেকেরই। এই অবকাশে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার মত স্বপ্নীল এক জায়গার সাথেই পরিচয় করানো হবে পাঠকদের। খুলনা বিভাগের অন্তর্গত নড়াইল জেলা, দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র মাশরাফির জন্মস্থান হিসেবে পরিচিত এই জেলা। এই জেলায় রয়েছে ছবির মত সুন্দর কয়েকটি পিকনিক স্পট, যার মধ্যে অন্যতম স্বপ্নবীথি পিকনিক স্পট।

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামপুর নামক অঞ্চলে অবস্থিত এই পিকনিক স্পট। প্রায় ১২ একর জায়গাজুড়ে অবস্থিত এই পিকনিক স্পটটি ইতোমধ্যেই দক্ষিণবঙ্গের সবথেকে সুন্দর পিকনিক স্পটের সুনাম অর্জন করেছে। এই পিকনিক স্পটের অতি সন্নিকটেই রয়েছে 'নিরিবিলি পিকনিক স্পট' নামক আরেকটি পারিবারিক বিনোদন কেন্দ্র, যে কারণে অনেকের কাছে স্বপ্নবীথি পার্কটি 'নিরিবিলি পিকনিক স্পট-২' নামেও পরিচিত।

Shopnobithi-Picnic-Spots-Narail সুবিশাল পুকুর এবং রয়েছে বিনোদন রাইড। ছবি : ভ্রমণ গাইড

শিল্পীর তুলিতে আকা ছবির মত প্রকৃতি আর মানুষের সৃষ্টি করা বিভিন্ন বিনোদনের ব্যাবস্থা, এই দিয়ে মিলেই “স্বপ্নবীথি পিকনিক স্পট”। শুরুতেই বিভিন্ন জীবজন্তুর প্রতিমূর্তি খচিত চিত্তাকর্ষক প্রবেশদ্বার আপনাকে স্বাগতম জানাবে, প্রবেশ দ্বারের দুপাশে রয়েছে টিকেট কাউন্টার যেখান থেকে আপনাকে টিকেট কেটে নিতে হবে। ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন চলে এসেছেন এক সবুজের রাজ্যে, নানান ধরণের নাম না জানা গাছপালা আর ফুলের সমারোহে হারিয়ে যেতে সময় লাগবে না আপনার।

সোলিং করা রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সাজানো গাছের সারি, প্রত্যেকটা গাছের গায়ে পরিপূর্ণ যত্ন আর রক্ষণাবেক্ষণের ছাপ স্পষ্ট। সবুজে চোখ ধাধিয়ে গেলেই দেখতে পাবেন গাছের ফাকে ফাকে স্থানে স্থানে তৈরী করা রয়েছে বিভিন্ন পশুপাখির সিমেন্টে তৈরী প্রতিমূর্তি। এখানে আরও রয়েছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় রাইড, মিনি চিড়িয়াখানা, বোট রাইডিং, বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর ভাস্কর্য, রেস্ট হাউজ, রেস্তোরা এবং নিজস্ব গাড়ী পার্কিং ব্যাবস্থা। এখানে দেখা মিলবে শানবাঁধানো সু-বিশাল পুকুরের, যার ওপর আবার রয়েছে একটি কাঠের ঝুলন্ত ব্রিজ। মাঠের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছায়াঘেরা বসার বেঞ্চ এবং দোলনা, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে যেখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। মিনি চিড়িয়াখানায় দেখা মিলবে বানর, খরগোশ, হাড়গিলা, সারস, কচ্ছপসহ বিভিন্ন পশুপাখির।

shopno-bithi vashkorjo বিভিন্ন স্থানে স্থাপন করা চিত্তাকর্ষক ভাস্কর্য। ছবি : অফরোড বাংলাদেশ

 নড়াইল জেলা সদর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় এখানে সারাবছরই প্রায় ভ্রমণপ্রিয় মানুষের ঢল লেগে থাকে, তবে বেশি মানুষের আনাগোনা ঘটে শীতকালে। আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের বার্ষিক বনভোজনের জন্যেও এই স্বপ্নবীথি খুব ই জনপ্রিয়। ব্যাস্ততাকে ছুটিতে পাঠিয়ে এই সবুজের সমারোহে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন আপনিও। প্রকৃতির অবারিত সৌন্দর্য, র্নির্মল হাওয়া আর পাখির কলতানে শহুরে অবসাদ দূর হতে বাধ্য।

কিভাবে যাবেন : স্বপ্নবীথি পিকনিক স্পটে আসার বেশ কয়েকটি রুট রয়েছে। ঢাকা-লক্ষীপাশা রুটে চলাচলকারী ঈগল, দ্রুতি, হানিফ, দিগন্ত, সাদ সুপার ডিলাক্স ইত্যাদি পরিবহনের বাসে উঠলে মাওয়া এবং কালনা ফেরীঘাট পার হয়ে লোহাগড়া পেরিয়ে ১ কিলোমিটার এগোলেই একেবারে হাইওয়ের পাশেই দেখা যাবে পিকনিক স্পটের প্রধান ফটক। মানভেদে বাসের ভাড়া নিবে ৩০০ থেকে ৪৫০ টাকা। এছাড়া দেশের যেকোনো স্থান থেকে রিজার্ভ গাড়ি অথবা মাইক্রো নিয়ে যাওয়া যাবে এই স্থানে। ঢাকা থেকে আগত দর্শনার্থীরা দৌলতদিয়া-পাটুরিয়া ফেরীঘাট পার হয়ে যশোর হয়ে নড়াইল আসতে পারবেন। তারপর সেখান থেকে চিত্রা নদী পার হয়ে মাত্র ১৫ মিনিটের পথ এই পিকনিক স্পট। ঢাকা থেকে দূরত্ব ৩২০ কিলোমিটার এবং সময় লাগবে ৫ থেকে ৬ ঘন্টা। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্যে উন্মুক্ত থাকে। এই পিকনিক স্পটে আসলে পাশেই 'নিরিবিলি পিকনিক স্পট' ঘুরে যেতে পারবেন। নিরিবিলিতে রাত্রিযাপনের সুযোগ-সুবিধাও পাবেন।   


তথ্যসূত্র : mailto:https://bangla.tourtoday.com.bd/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%80%E0%A6%A5%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%9F/ mailto:https://www.youtube.com/watch?v=7mNLJK2R2y4 mailto:http://offroadbangladesh.com/bangla/places/shopno-bithi/