অরোরা শব্দটি এসেছে ল্যাটিন ভাষা থেকে যার অর্থ ভোর। এছাড়াও অরোরাকে রোমান পুরাণে ভোরের দেবী, হিন্দু পুরাণে ঊষা বলা হয়। মেরু অঞ্চলে রাতের আকাশে প্রায়ই নীল, লাল ও সবুজ রঙের আলো দেখা যায়। আকাশের এই রঙের মেলাকে অরোরা বা বাংলায় মেরুজ্যোতি বলা হয়।
অরোরা নিয়ে নানা উপকথা থাকলেও বিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন ও নাইট্রোজেন পরমাণুর সঙ্গে ম্যাগনেটোস্ফিয়ার থেকে বিদ্যুৎযুক্ত কণাগুলির সংঘর্ষের ফলেই অরোরা তৈরি হয়। আকাশে রঙের এই খেলা কিন্তু সবজায়গায় দেখা যায় না। বিশ্বের যেসব বিশেষ জায়গায় আকাশের এই স্বর্গীয় রূপের দেখা মিলবে সেসব বিখ্যাত জায়গার কথা আজ জানানো হবে।
আইসল্যান্ড
আইসল্যান্ডের আকাশে রঙের কারসাজি; ছবি : গাইড ট্যু আইসল্যান্ড
আইসল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন রয়েছে সর্বত্র। আগ্নেয়গিরি, জলপ্রপাত, বরফের গুহা, তুষারপাত তো আছেই, তার সাথে যুক্ত হয়েছে অরোরা। আইসল্যান্ডের আকাশে সারাবছর অরোরা থাকলেও সবসময় তা খালি চোখে দেখা যায় না। আইসল্যান্ডে অরোরা দেখার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল।
আগস্টের শেষে থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত আইসল্যান্ডে অরোরা উপভোগ করা যাবে। আর শীতকালে আইসল্যান্ডে খুবই অল্প সময়ের জন্য সূর্যালোক থাকে বলে অনেকটা সময় নিয়ে আকাশে এই রঙের কারসাজি উপভোগ করা যায়।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় মেরুজ্যোতি; ছবি : ট্যুর এক্সপার্টস
যুক্তরাষ্ট্রে মেরুজ্যোতি দেখার জন্য সর্বোত্তম জায়গা হলো ফেয়ারব্ল্যাংকস। মেরুজ্যোতি দেখার জন্যে যুক্তরাষ্ট্রের আলাদা আবহাওয়ার পূর্বাভাস ব্যবস্থা রয়েছে। পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্যে ভালো পরিবহন ব্যবস্থাও করা আছে। অরোরা দেখার জন্য সবচেয়ে ভালো সময় হলও আগস্টের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত।
ইয়েলোনাইফ, কানাডা
কানাডার আকাশে নৃত্যরত মেরুপ্রভার নান্দনিক দৃশ্য; ছবি : ফাইন্যান্সিয়াল টাইমস
কানাডার উত্তর-পশ্চিমের শহর ইয়েলোনাইফ থেকে সবচেয়ে সুন্দর মেরুজ্যোতি দেখা যায়। রাত বাড়ার সাথে সাথে অরোরা বা মেরুজ্যোতির সবুজ, লাল, নীল আলোর মিলিত দৃশ্য দেখতে আরও মোহনীয় হয়ে ওঠে। মনে হয় যেন আকাশে রঙের নৃত্য চলছে।
আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এবং নভেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত অরোরার রঙের খেলা দেখা যাবে। উড বাফেলো ও জ্যাস্পার ন্যাশনাল পার্ক অরোরা দেখার জন্যে সবচেয়ে ভালো দুইটি জায়গা।
গ্রিনল্যান্ডের প্রায় সব স্থান হতেই দেখা মিলবে মেরুজ্যোতির; ছবি : সংগৃহীত
মেরুজ্যোতি বা মেরুপ্রভা ভালো দেখা যায় যেখানকার আকাশ পরিচ্ছন্ন ও অন্ধকার থাকে সেখানে। ছোট শহর ও অল্প জনসংখ্যার জন্যে গ্রিনল্যান্ডের বায়ু দুষণমুক্ত ও আকাশ পরিষ্কার। এর ফলে আপনি গ্রিনল্যান্ডের যেখানেই থাকুন না কেন অরোরা উপভোগ করতে পারবেন, কোন নির্দিষ্ট স্থানেই আপনাকে থাকতে হবে তেমন নয়।
মেরুজ্যোতি উপভোগের জন্য গ্রিনল্যান্ডে কাঙ্গারলুসুয়াক খুবই জনপ্রিয় কারণ এখানে বেশিরভাগ সময়েই নির্মল আবহাওয়া ও পরিচ্ছন্ন আকাশ থাকে। আগস্টের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ে অরোরা দেখা যায় এখানে।
নরওয়ে
নরওয়ের আকাশে মেরুজ্যোতি; ছবি : সংগৃহীত
প্রাণবন্ত জেলে গ্রাম, নির্মল প্রকৃতি ও বিশুদ্ধ আবহাওয়ার নরওয়ে শুধুমাত্র অরোরা দেখার হটস্পট হিসেবেই নয়, ভ্রমণের জন্য উপযোগী একটি স্থান। দেশটিতে মেরুজ্যোতি দেখার জন্যে অনেক স্থান রয়েছে; তবে সভালবার্ড, ট্রমসো, হার্স্টাড, আল্টা খুব বিখ্যাত অরোরার জন্যে। অক্টোবর থেকে মার্চের মধ্যবর্তী সময়ে এখানে অরোরার দেখা পাওয়া যায়।