থাইল্যান্ডের ফানুস উৎসব ই পিং : রাতের আকাশে আলোর খেলা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ই পিং উৎসব : ধর্মীয় বিশ্বাস থেকে আজ পর্যটক আকর্ষণের উৎসবে পরিণত

উৎপত্তি
ই পিং শব্দের মাঝে ই ( Yi/yee) শব্দের অর্থ দুই এবং পিং (Peng) শব্দের অর্থ পূর্ণ চন্দ্রিমা। প্রায় ৭০০ বছর আগে উত্তর থাইল্যান্ডে ছিল লান্না রাজ্য। রাজ্যটির রাজধানী ছিল চিয়াং মাই (Chiang Mai)। এখানেই মূলত ই পিং অনুষ্ঠানের আরম্ভ হয়। এদিন চিয়াং মাইয়ের লোকজন তাদের ঘর সুন্দর করে সাজাতো, মন্দিরে ধর্মের বাণী শুনতে যেতো এবং মন্দিরের পুরোহিতদের কাছে ফানুস উৎসর্গ করত।কখন পালিত হয়
থাইল্যান্ডের চন্দ্রবর্ষপঞ্জি অনুযায়ী বছরের ১২তম মাসের পূর্ণিমার সময়ে ই পিং (yi peng) পালন করা হয়। ১২তম মাসের প্রথম পূর্ণিমার রাতসহ পরবর্তী তিন রাত পর্যন্ত এই উৎসবটি পালন করা হয়ে থাকে। অর্থ্যাৎ যদি নভেম্বরের ১১ তারিখ আলোর এই উৎসব শুরু হয় তবে তা ১৩ নভেম্বর শেষ হবে। মূলত থাইল্যান্ডের উত্তর প্রদেশে ই পিং উৎসব পালন করা হয়ে থাকে। ই পিং এর মত থাইল্যান্ডে ফানুস ওড়ানোর আরো একটি উৎসব হলো লই ক্রাথং (Loy Krathong), এখানে মূলত ফানুসগুলোকে আকাশে না উড়িয়ে পানির ওপর ভাসিয়ে দেয়া হয়।ধর্মীয় বিশ্বাস থেকেই এই উৎসব
ই পিং উৎসবটি যদিও বৌদ্ধধর্মের পালিত উৎসব, কিন্তু মনে করা হয় এর উৎপত্তি ভারতে হিন্দু ধর্মের মাধ্যমে। কথিত আছে, আলো হাতে একটি পাখি বুদ্ধের সাথে জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি নিয়ে কথা বলে। তাই আজ এই উৎসব পালনের মাধ্যমে মনে করা হয় বুদ্ধের প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন করা হয় এবং বিশ্বাস করে এর মাধ্যমে পরজন্মেও তাদের জীবন ভালো কাটবে। ই পিং উৎসবের রাতে সবাই তাদের ফানুসগুলো আকাশে উড়িয়ে দেয় এবং বিশ্বাস করে এর মাধ্যমে তাদের মনের ইচ্ছা পূরণ হবে। বলা হয়ে থাকে, ফানুসের আগুন থাকতে থাকতে যদি তা আকাশের অন্ধকারে হারিয়ে যায় তবে সেই ব্যক্তির মনের ইচ্ছা পূর্ণ হবে এবং ভবিষ্যতের দিনগুলোও ভালো কাটবে।কোথায় পালন করা হয়
ই পিং যদিও লানাদের (উত্তর থাইল্যান্ডে বসবাসকারী) উৎসব, কিন্তু বর্তমানে পর্যটকদের আগ্রহের কারণে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এটি থাইল্যান্ডের বিভিন্ন এলাকায় পালন করা হয়ে থাকে। তবুও ই পিং-এর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো থাইল্যান্ডের চিয়াং মাই শহর (Chiang Mai)। সন্ধ্যায় প্রার্থনা, গান এবং অন্যান্য আয়োজন শেষ হওয়ার পর সকলে একসাথে আকাশে ফানুশ উড়িয়ে দেয়।লই ক্রাথং এর সাথে ফানুশ উৎসব
চিয়াং মাইতে ই পেং এর সাথে লই ক্রাথং উৎসব পালন করা হয়ে থাকে। তাই এর মাধ্যমে একদিকে যেমন আকাশে রঙের খেলা দেখতে পাবেন একইসাথে নদীর জলে ফানুসের ভেসে থাকাও দেখতে পাবেন যা মোহনীয় সুন্দর পরিবেশের জন্ম দেয়। তাই আপনি যদি থাইল্যান্ডের ই পেং দেখার প্ল্যান থাকে তবে একইসাথে লই ক্রাথং এর ফানুস উৎসবকেও রাখবেন আপনার লিস্টে।
ইন্দিরা বিশ্বাস এস এম

