ওখড়ে : সিকিমের আদি সৌন্দর্যময় এক গ্রাম

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : নির্জনতাপ্রেমীদের জন্য পশ্চিম সিকিমের ওখড়ে


Okhrey Sikkim ওখড়ে

পশ্চিম সিকিমে অবস্থিত ছোট্ট সুন্দর ওখড়ে গ্রামটি ছবির মতো সুন্দর। ওখড়ে মূলত ছোট একটি গঞ্জ। এই গ্রামের কাছেই দার্জিলিং। ছবি : ফ্লিকার


 ভ্রমণপ্রেমিদের প্রিয় গন্তব্য ভারতের সিকিম মনভোলানো সৌন্দর্যের এক উপাখ্যান। পর্যটন রাজ্য সিকিম ভারতের অন্যতম ক্ষুদ্র রাজ্য। স্বপ্নের দেশের মতো সুন্দর এই রাজ্য পর্যটকদের দারুণ প্রিয় একটি গন্তব্য। পূর্ব হিমালয় অঞ্চলের একটি অংশ হওয়ায় সিকিমের খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সাথে আছে বরফের চাদর। চমৎকার পাহাড়ি ঝর্ণা, গভীর উপত্যকা, ঔষধি গাছের বন, সমৃদ্ধ জীব-বৈচিত্র্য পরিপূর্ণ, আলপাইন চারণভূমি, পাহাড়, হিমবাহ, হাজারো বুনো ফুলের শোভায় সিকিম এক স্বর্গরাজ্য। এর প্রতিটা জায়গা পর্যটকদের মুগ্ধ করে। তাই সবসময়ই সিকিম মুখর থাকে পর্যটকদের আনাগোনায়। তবে যারা কোলাহলহীন নিরিবিলি ভ্রমণস্থান ভালোবাসেন তাদের জন্য বেড়ানোর ঠিকানা হতে পারে পশ্চিম সিকিমের ওখড়ে (Okhrey)।

অবস্থান

পশ্চিম সিকিমে এই গ্রামটি অবস্থিত। শিলিগুড়ি থেকে ওখড়ের দূরত্ব ১৩০ কিলোমিটার। ছোট্ট সুন্দর এই গ্রামটি ছবির মতো সুন্দর। ওখড়ে মূলত ছোট একটি গঞ্জ। এই গ্রামের কাছেই দার্জিলিং। নির্জনতা যারা ভালোবাসেন তাদের জন্য এই গ্রামটি দারুণ এক অবকাশের জায়গা। এ এই গ্রামের পরতে পরতে সৌন্দর্য দিয়ে ভরা। এখানে প্রকৃতি বড্ড বেশি সুন্দর আর গোছানো।

আরও পড়ুন : কান্দোভন : পাথরের গুহার ভেতরেই শতবর্ষী ঐতিহ্যের যে গ্রাম



Okhrey Sikkim ওখড়ে

গ্রামটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে চমৎকার কাঠের বাড়ি। বিলাসিতার ছোঁয়া না থাকলেও পরিচ্ছন্ন এই গ্রামটি খুবই মনোরম। সহজ-সরলতায় এই গ্রামীণ পরিবেশে নেই কোনও কৃত্রিমতা। ছবি : উইকিমিডিয়া


 অপার নির্জনতায় আদিম প্রকৃতি এখানে তার সমস্ত রূপ-মাধুরী দিয়ে পর্যটকদের বিমোহিত করে। গ্রামটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে চমৎকার কাঠের বাড়ি। বিলাসিতার ছোঁয়া না থাকলেও পরিচ্ছন্ন এই গ্রামটি খুবই মনোরম। সহজ-সরলতায় এই গ্রামীণ পরিবেশে নেই কোনও কৃত্রিমতা।

চোখ জুড়ানো সৌন্দর্য

এখানে রডোডেনড্রন বনের চোখ জুড়ানো সৌন্দর্যে মুগ্ধ হবেনই। পাইন, ফার, ওক, দেওদর হেমলকের ছায়ায় ঘেরা সংকীর্ণ পথে হেঁটে যেতে মনে হবে এই পথ শেষ না হলেই বুঝি ভালো হত । হেঁটে যেতে বিভিন্ন ধরণের পাখিদের কলরব ও সৌন্দর্য আপনার নজর কাড়বে। এছাড়া এখানে পাহাড়ে দাঁড়িয়ে মনভোলানো কাঞ্চনজঙ্ঘার রূপ উপভোগ করা যায়। এই গ্রামটিতে বিদ্যুতের ব্যবস্থা নেই। দিনের চেয়ে এখানে রাতের সৌন্দর্য অনেক বেশি মনোমুগ্ধকর। রাত নামলে এখানে অন্ধকারে অজস্র জোনাকিরা উড়ে বেড়ায়। এ দৃশ্য যে কাউকেই বিমোহিত করবে। আদিম প্রকৃতির সম্পূর্ণ স্বাদ এখানে পাবেন। ঝিঁ ঝিঁ পোকার শব্দ শুনতে শুনতে কখন যে ঘুম নেমে আসবে চোখে টেরই পাবেন না।

আরও পড়ুন : হাড়িয়াকোনা : শেরপুরের আদিবাসী অধ্যুষিত অদ্ভুত এক গ্রাম


Okhrey Sikkim ওখড়ে

সবুজ আর নানান রকমের রঙিন ফুলে ঘেরা মনোরম ওখড়ে, সিকিম। ছবি : উইকিমিডিয়া


ওখড়ের ঠিক উল্টো দিকে তাকালেই পাহাড়ে দার্জিলিং চোখে পড়ে। নির্জন এই গ্রামের নিশ্চুপ রাতকে আরও বেশি মায়াবী করে তোলে দূর পাহাড়ের দার্জিলিং শহরের বিন্দু বিন্দু আলো। ওখড়ের পাশেই রয়েছে আরও কয়েকটি গ্রাম। এই গ্রামগুলোতে গাড়ি করে ঘুরে আসতে পারেন। ওখড়ে থেকে খুব কাছেই ভার্সে। প্রায় পাঁচ কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে খুব সহজেই ট্র্যাকিং করে পৌঁছে যেতে পারেন ভার্সেতে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। ভার্সেতে রাতে না থাকলেও চলে কারণ সন্ধে নামার আগেই ট্র্যাকিং করে দিনে দিনে আবার ওখড়েতে ফিরে আসা যায়।

যেভাবে যাবেন :

শিয়ালদহ থেকে রাতের ১৩১৪৯ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চড়ুন। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবেন। জলপাইগুড়ি থেকে ওখড়ের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে সরাসরি ওখড়ে পৌঁছনো যায়। গাড়ি ভাড়ার খরচ ৪,০০০ থেকে ৫,০০০ এর মধ্যে।

যেখানে থাকবেন :

ওখড়েতে থাকার জন্য নানা মানের হোটেল রয়েছে। আপনার পছন্দ ও সাধ্য অনুযায়ী যেকোনোটা বেছে নিন। ঝামেলা এড়াতে আগে থেকে বুকিং করে রাখা ভাল।  

রুবাইদা আক্তার   এস এম