অজানা জায়গায় ভ্রমনের বিশেষ আনন্দ
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অপরিচিত বা নতুন জায়গায় সহজেই ঘুরে আসুন সঠিক পরিকল্পনায়
জানার আছে কত মজা। ছবি : বালি স্মার্ট ট্যুর
অন্যান্য ট্যুরের ক্ষেত্রে আমরা যেহেতু নেট ঘেঁটে বা আগে ঘুরে এসেছে এমন কারও থেকে তথ্য নিতে পারছি কিন্তু কোন নতুন জায়গায় যদি যেতে চাই তখন কী হবে? এমন জায়গা যা নিয়ে আসলেই খুব বেশি তথ্য নেই। এখন প্রশ্ন আসতে পারে এমন জায়গা কী আদৌ আছে বাংলাদেশে? হ্যাঁ আছে। এমন অনেক ঝরনা, পাহাড় আছে যেখানে এখনো খুব বেশি টুরিস্ট যায়নি এবং সেসব জায়গা নিয়ে তথ্যও খুব বেশি নেই। তো এরকম কোন জায়গার খোঁজ কারও থেকে পেতে পারেন আর নিজেও চাইলে খুঁজে বের করতে পারেন। এক্ষেত্রে যাবতীয় রিস্কের বিষয় মাথায় রেখে ও সমস্যা মোকাবেলার যাবতীয় প্রস্তুতি নিয়ে যেতে হবে।
১। কোন এলাকায় যাবেন সেখানে কীভাবে যাবেন খোঁজ নিন। পাহাড়ি এলাকায় গেলে আপনার যাত্রাস্থল থেকে প্রথমে বাস বা ট্রেনে গেলে কোথায় নামবেন তা ঠিক করে নিন।
২। বাজেট অবশ্যই সাধারণ সময়ের থেকে বেশি রাখবেন কারণ নতুন জায়গায় কখন কী সমস্যা হয় তা তো আগ থেকে বলা যায় না।
৩। পরিশ্রমের জন্য শারীরিক-মানসিক প্রস্তুতি রাখতে হবে। কারণ এই ধরণের ট্যুরে অভ্যন্তরীন যানবাহন বা পর্যাপ্ত খাবার পাবেন কিনা তা নিশ্চিত না।
৪। লোকাল পুলিশ বা সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা হলে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন।
৫। ট্যুরমেট বাছাইয়ের ক্ষেত্রে এরকম ট্যুরে পূর্ব অভিজ্ঞতা আছে, সাহসী, পরিশ্রমী ট্যুরমেট বাছাই করবেন। নতুন টুরিস্টদের এরকম ট্যুরে না নেয়াই ভালো।
৬। ফার্স্ট এইড বক্স, শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ, কম্পাস ইত্যাদি সাথে রাখতে হবে। সুযোগ হলে সাথে তাঁবু রাখতে পারেন কারণ থাকার জায়গা নাও থাকতে পারে।
৭। নিজেদের নিরাপত্তার জন্য সরঞ্জাম অর্থাৎ লাঠি, ছুরি ইত্যাদি সাথে রাখতে হবে। কোন বণ্যপ্রাণী, সাপ ইত্যাদি থেকে যাতে রক্ষা পাওয়া যায়।
৮। অনেক সময় জঙ্গল কেটে রাস্তা বানিয়ে এগোনো লাগতে পারে তাই সাথে দা কিংবা বড় ছুরি রাখা প্রয়োজন।
৯। নিজের ব্যাগ ও যাবতীয় সরঞ্জাম যাতে পানি থেকে নিরাপদ থাকে তাই অবশ্যই পলিথিনে মুড়িয়ে রাখতে হবে।
১০। এ ধরণের পাহাড়ি ট্যুরে একটা সময়ে ঝরনা পাবার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ঝরনার পানির স্রোত, গভীরতা ইত্যাদি না জেনে নামা কোনোভাবেই ঠিক হবে না।
১১। এরকম অ্যাডভেঞ্চেরাস ট্যুর ছাড়াও আরও অনেক জায়গা আছে আমাদের দেশে যেগুলো খুব বেশি পরিচিত না। কোন অজানা নদীর পাড় কিংবা কোন দ্বীপ অথবা হাওড়। এসব জায়গায় সহজেই যে কেউ যেতে পারে।
ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নেই। কিন্তু এখনও অনেক জায়গা রয়েছে যা আমরা জানি না বা খুঁজে পাইনি। একটু খোঁজ করলে হয়তো আমাদের আশেপাশেই কোন জায়গার সন্ধান পেতে পারি যার সৌন্দর্য অপরুপ যেমনটা, ঢাকার পাশে মৈনট ঘাট, কিশোরগঞ্জের নিকলী হাওড় কিংবা বেশ কিছু ঝরনা ইদানীং টুরিস্ট স্পট হিসেবে জনপ্রিয়তা পেয়েছে।
আমাদের 'ট্যুর ম্যানেজমেন্টের আদ্যোপান্ত' সিরিজের পরবর্তী লেখাগুলোতে বিভিন্ন ধরণের ট্যুর ম্যানেজমেন্টের বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করা হবে। কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।