আধারে আলোর মিছিল : বিশ্বের জমকালো ৫ ফানুস উৎসব

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ফানুস উৎসব


 রাতের অন্ধকার আকাশ যখন ফানুসের আলোয় সুসজ্জিত হয়ে ওঠে তার চেয়ে সুন্দর বোধহয় আর কিছু হয় না। আর তাইতো বিভিন্ন সময় উৎসব-অনুষ্ঠান উদযাপনে আকাশের নীলে ভাসিয়ে দেয়া হয় হরেক রকম ফানুস। বিশ্বজুড়েই ফানুসের বিভিন্ন উৎসব পালন করা হয়ে থাকে। ধর্মীয় বা ঐতিহাসিক, যেই কারণই হোক না কেন; ফানুস উৎসবগুলো দৃষ্টিনন্দনের জন্যে দেশের গন্ডি পেরিয়ে হয়ে উঠেছে জনপ্রিয় পর্যটন স্থান। এমনই পাচঁটি ফানুসের উৎসবের গল্প বলা হবে আজ যেগুলো আপনি রাখতে পারেন আপনার বাকেট লিস্টে।


বসন্তের ফানুস উৎসব

বসন্তের ফানুস উৎসব, চীন। ছবি : সংগৃহীত



বসন্তের ফানুস উৎসব, চীন (Spring Lantern festival,  China)

প্রায় ২০০০ বছর পুরনো চীনের এই ফানুস উৎসবটি এখনও চীনের ঐতিহ্যকে ধারণ করে আছে। বলা হয়ে থাকে, সেসময়ের রাজা বুদ্ধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে চাইনিজ নববর্ষের ১৫তম দিনে সব মন্দির, বাসা এবং রাজপ্রাসাদের সর্বত্র ফানুস ওড়াতেন। আজকের দিনে এসেও চাইনিজ নববর্ষের শেষের দিনকে বিদায় ও বসন্তের আগমনকে স্বাগত জানাতে ফানুস ওড়ানো হয়ে থাকে। চীনে সবচেয়ে বড় ফানুস উৎসব পালন করা হয় নানজিং-এ। তবে, সাংহাই ও বেইজিং-এও বেশ উৎসাহ-উদ্দীপনার সাথে ফানুস উৎসব উদযাপন করা হয়।  


ই পেং এবং লই ক্রাথং উৎসব, থাইল্যান্ড

ই পেং এবং লই ক্রাথং উৎসব, থাইল্যান্ড। ছবি : সংগৃহীত


 

ই পেং এবং লই ক্রাথং উৎসব, থাইল্যান্ড (Yi Peng & Loy Krathong festival, Thailand)

থাইল্যান্ডে দুইবার ফানুস উৎসব পালন করা হয় । মনে করা হয়, আকাশে ফানুস উড়িয়ে দেয়ার মাধ্যমে বুদ্ধের প্রতি সম্মান প্রদর্শন করা হয় । এবং এর মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবন ভালো ভাবে কাটবে। উত্তর থাইল্যান্ডে মূলত ই পেং উৎসব পালন করা হয়ে থাকে। তবে সবচেয়ে বড় পরিসরে চিয়াং মাই-তে পালন করা হয়ে থাকে। থাই বর্ষপঞ্জির ১২তম মাসের পূর্ণিমার দিন এই উৎসব পালন করা হয়। লই ক্রাথং উৎসবটিতেও ই পেং-এর মতো ফানুস ওড়ানো হয়। তবে, মূল পার্থক্য হচ্ছে এখানে ফানুসগুলো পানিতে ভাসিয়ে দেয়া হয়। লই ক্রাথং সবচেয়ে জমকালোভাবে উদযাপিত হয় ব্যাংকক ও সুকোথাই-য়ে।


পূর্ণিমায় ফানুস উৎসব, ভিয়েতনাম

পূর্ণিমায় ফানুস উৎসব, ভিয়েতনাম। ছবি : সংগৃহীত



পূর্ণিমায় ফানুস উৎসব, ভিয়েতনাম (Full moon lantern festival, Vietnam)

বৌদ্ধধর্মে মনে করা হয়ে থাকে পূর্ণ চন্দ্রিমার দিন একটি পবিত্র সময় আর তাই এদিন বিভিন্ন ধর্মীয় নিয়ম-কানুন, অনুষ্ঠান পালন করা হয়। এই বিশ্বাস থেকে চন্দ্র বর্ষপঞ্জির প্রতি মাসের ১৪তম দিনে এই উৎসবটি পালন করা হয়। সন্ধ্যায় হই আন (Hoi An)-এর প্রতিটি ঘর, দোকানের আলো বন্ধ করে দেয়া হয় এবং তারা আকাশে ফানুস উড়িয়ে দেয়। অনেকে আকাশে ফানুস ওড়ায়, আবার অনেকে নিজেদের বিশ্বাসে পানিতে ফানুস ভাসিয়ে দেয়। তারা বিশ্বাস করে এর মাধ্যমে খারাপ সময় দূর হবে এবং আলোর পথ ধরে সুদিন ফিরে আসবে।


ভেসাক ডে,  ইন্দোনেশিয়া

ভেসাক ডে, ইন্দোনেশিয়া। ছবি : সংগৃহীত



ভেসাক ডে,  ইন্দোনেশিয়া (Vesak day, Indonesia)

বৌদ্ধ বর্ষপঞ্জিতে বুদ্ধের জন্মদিনটি বেশ গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন।  প্রতি বছর মে মাসে হাজার হাজার ইন্দোনেশিয়ানরা বড়বুদার (Borobudur)-এর পথে যাত্রা করে। উল্লেখ্য এটি বিশ্বের মাঝে অন্যতম একটি বৃহৎ বৌদ্ধ মন্দির। এসময় বৌদ্ধ ভিক্ষুরা আকাশে হাজার হাজার ফানুস উড়িয়ে দেয়।


ভাসমান ফানুস, হাওয়াই।

ভাসমান ফানুস, হাওয়াই। ছবি : সংগৃহীত



ভাসমান ফানুস, হাওয়াই (Floating lantern, Hawaii)

প্রত্যেক শোকদিবসে হাজার হাজার দর্শনার্থী ও সাধারণ জনগণ ওহাও (Ohau) এর তীরে ভীড় করে শহীদ ও হারানো প্রিয়জনদের শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠানে প্রার্থনা জানানো হয় এবং স্থানীয় শিল্পীরা সঙ্গীতের মাধ্যমে তাদের সম্মান জানায়। তারপর ফানুস প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের স্মরণ করা হয় এবং সেই ফানুসগুলো পানিতে ভাসিয়ে দেয়া হয়।  

ইন্দিরা বিশ্বাস   এস এম