আরব আমিরাত দুবাই মল : আভিজাত্যের আরেক উদাহরণ দেখা মিলবে এখানে

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : চাকচিক্যের অপর নাম আরব আমিরাত দুবাই মল

ছবি : গেটি ইমেজ

দুবাই সম্পর্কে বললে প্রথম যে ধারণা আসে তা হল এটি একটি দেশ। অথচ দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি শহর। দুবাইয়ের পরিচিতি লাভ হয়েছে এর আকর্ষণীয় বাড়ি, উঁচু টাওয়ার এবং সেখানকার বাসিন্দাদের বিলাসবহুল জীবন যাপনের জন্য। সবকিছু মিলিয়ে দুবাই হয়ে উঠেছে একটি স্বপ্নের শহর আর বিশ্ববাসীর নিকটে বিস্ময়কর নগরী। পৃথিবীর মধ্যে বিখ্যাত টাওয়ারগুলো দুবাই শহরে অবস্থিত। শুধুমাত্র টাওয়ারই নয় রয়েছে আরও নানা নান্দনিক জায়গা। এর মধ্যে অন্যতম একটি নিদর্শন দুবাই মল

ছুটির দিনগুলোতে পর্যটকদের আনাগোনা আরও বেড়ে যায় আরব আমিরাত দুবাই মলে। ছবি : হলিডে মি

এটি প্রায় ১৩ মিলিয়ন বর্গ মিটার জায়গা (৫০টি ফুটবল মাঠের সমান) জুড়ে অবস্থিত। এর অভ্যন্তরীণ মেঝের জায়গা প্রায় ৫ দশমিক ৯ মিলিয়ন বর্গ ফুট। এখানে ১,২০০টিরও বেশি দোকান রয়েছে। শুধু তাই নয়, রয়েছে ২৫০টি রুমসহ বিলাসবহুল হোটেল, সিনেমা হল, ১২০টি রেস্টুরেন্ট। এটি শুধু শপিং প্রেমিকদের জন্যই নয় বরং আরও বেশি নান্দনিক হয়েছে এর বৈশিষ্ট মন্ডিত বিভিন্ন বিষয়ের কারণে। এখানে রয়েছে বিশ্বখ্যাত দুবাই একুরিয়াম এবং পানির নিচের জলজ প্রাণীদের চিড়িয়াখানা। যার মধ্যে হাঙ্গরসহ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির নানা ধরনের জলজপ্রাণী। এছাড়া কেউ যদি চায় তাহলে পানির টাংকিতে ডুব দিয়ে টাইগার শার্ক দেখতে পারেন। তবে অবশ্যই সেক্ষেত্রে আপনার সাহস থাকা অত্যন্ত জরুরী। ২৭০ ডিগ্রি বিশিষ্ট একটি টানেল মাঝ বরাবর চলে গিয়েছে ভ্রমণরত মানুষজনদের ভেতর দিয়ে হেঁটে চলার জন্য।

পানির নিচের জলজ প্রাণীদের বিশ্বখ্যাত চিড়িয়াখানা। ছবি : পিন্টারেস্ট

দুবাই মল উদ্বোধনের পরপরই মাত্র পাঁচ দিনে প্রায় ৬১ হাজার রেকর্ড সংখ্যক টিকেট বিক্রি করেছিল। সপ্তাহে প্রায় ৭৫ লক্ষ মানুষ দুবাই মল ভ্রমণ করতে আসে। বিশ্বের নামিদামি নানা অ্যাওয়ার্ড অর্জন করেছে এই দুবাই মল। বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বেশ অনেক দিন বন্ধ রয়েছিল। তবে পুনরায় এই হলটি চালু হয়েছে।

ছবি : গাল্ফ নিউজ

 কীভাবে যাবেন : বাংলাদেশ থেকে আরব আমিরাত ফ্লাইটে খুব সহজে দুবাই শহরে যেতে পারবেন। চট্টগ্রাম থেকে গেলে ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগতে পারে। আর ঢাকা থেকে গেলে সময় লাগতে পারে প্রায় ৯ ঘন্টা। এতে করে আপনার খরচ পরবে প্রায় ৫৫ হাজার থেকে ৭০ হাজারের মতো। এছাড়াও বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আপনি সহজেই ভ্রমণ করতে পারবেন।

কোথায় থাকবেন : দুবাই মল সংলগ্ন রয়েছে বিভিন্ন হোটেল। যেখানে আপনি আপনার সুবিধামতো সবকিছু পাবেন। বাচ্চাদের সাথেও সুবিধামতো সময় অতিবাহিত করার জন্য রয়েছে বিশেষ কিছু হোটেল। প্রতিরাতের অবস্থানের জন্য সর্বনিম্ন মূল্য প্রায় ৩ হাজার টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত পরতে পারে।

বিশেষ সতর্কতা :

• সাঁতার কাটার পর সাঁতারের পোশাক পরে ঘোরাফেরা করা যাবে না।

• প্রকাশ্যে ভালোবাসার মানুষের প্রতি কোনো প্রকার দৃষ্টিকটু আন্তরিকতা প্রকাশ করা যাবে না।

• প্রকাশ্যে রমজান মাসে কোন কিছু খাওয়া বা পান করা যাবে না।

• সরকারি কোনো বিল্ডিং-এর ছবি তোলা যাবে না।

• অবশ্যই ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।