প্রিয়জনের সাথে একান্ত ট্যুরের ক্ষেত্রে সকল তথ্যাদি

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : মধুচন্দ্রিমায় যত চমৎকার আয়োজন ট্যুর ম্যানেজমেন্টে


প্রিয়জনের সাথে প্রিয় জায়গায়। ছবি : আমেজিং বর্নেও ট্যুরস

আমাদের দেশে সেভাবে হানিমুন বা কাপল ট্যুর ম্যানেজমেন্ট গ্রুপ নেই। বড় গ্রুপ ট্যুরগুলোর সাথে খরচ কিছু বাড়িয়ে কাপলদের নিয়ে যাওয়া হয় ও তাদের কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়া হয়। কিন্তু এভাবে বড় গ্রুপের সাথে হানিমুনে কাপল ট্যুরের প্রকৃত আনন্দটা পাওয়া যায় না। কারণ সম্পূর্ণ গ্রুপের ট্যুর প্লানের সাথেই আপনাকে ঘুরতে হবে, তাদের দেখানো স্পটেই যেতে হবে থাকার ক্ষেত্রে আলাদা রুম পেলেও নিজের পছন্দের রিসোর্ট বা হোটেলে থাকা হয়ে ওঠে না। সেক্ষেত্রে নিজের কাপল বা হানিমুন ট্যুর নিজেই আয়োজন করে ফেলতে পারেন। কাপল ট্যুরের জন্য আদর্শ স্থান হলো সেন্টমার্টিন, কক্সবাজার, রাঙামাটি, সিলেট, বরিশাল ইত্যাদি। তবে সাজেক, বান্দরবান, টাংগুয়ার হাওড় এসব স্পটে যেহেতু নৌকা বা চাঁদের গাড়িতে ঘুরতে হয় তাই দুইজন গেলে খরচ বেড়ে যায়। নিজেই নিজের কাপল ট্যুর এরেঞ্জ করলে মনমতো ঘুরাঘুরি করা যায় ও পছন্দমত স্থানে থাকা ও খাওয়া যায়। যেভাবে কাপল ট্যুর ম্যানেজ করবেন :

১। শুরুতেই কোথায় যাবেন ঠিক করে সেখানে ঘুরাঘুরির মত কী কী আছে খোঁজ নিন।

২। কাপল ট্যুরগুলো যেহেতু মূলত রিল্যাক্স ট্যুর তাই বেশিরভাগ সময়েই অল্প কিছু স্পট ঘুরে দেখা হয় তবে আপনারা ভ্রমণপ্রিয় হলে এই ট্যুরের মাঝেও ঘুরে ফেলতে পারেন অনেকগুলো স্পট।

৩। টুরিস্ট স্পটগুলোতে বেশিরভাগ সময়ে অভ্যন্তরীন যানবাহন হিসেবে থাকে সিএনজি। যেহেতু সিএনজি'তে ঝাঁকি বেশি লাগে তাই মানসিকভাবে সেই প্রস্তুতি রাখা ভালো। অনেক স্পটে গাড়ি রিজার্ভ পাওয়া যায় সেখানেও যোগাযোগ করতে পারেন।

৪। পছন্দের রিসোর্ট বা হোটেল নিতে চাইলে আগে থেকেই বুকিং দেয়া ভালো আর সিজনে গেলে তো বুকিং অবশ্যই আগে দিতে হবে।

৫। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে যেখানে ঘুরতে গিয়েছেন সেখানের লোকাল খাবার খেয়ে দেখতে পারেন। সেই সাথে আপনাদের পছন্দের আইটেমগুলোও সেখানের ভালো রেস্টুরেন্টগুলোতে খেয়ে দেখতে পারেন।

৬। একসাথে কক্সবাজার-সেন্টমার্টিন বা সিলেট-টাংগুয়ার হাওড় অর্থাৎ একাধিক টুরিস্ট স্পটের প্ল্যান থাকলে আগে থেকেই সাজিয়ে নিন কোথা থেকে শুরু করবেন আর কোন স্পটে শেষ করবেন, তাহলে ঘুরতেও আরাম হবে, বেশি জায়গা দেখাও হবে।

৭। অনেক হোটেল ও রিসোর্টের কাপল প্যাকেজ থাকে। সেগুলো যাচাই করে দেখতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে অল্পকিছু সুবিধা বাড়িয়ে এসব প্যাকেজে অনেক টাকা দেখানো হয় তাই প্যাকেজ নিতে হলে খোঁজ নিয়ে নিন অথবা নিজের মত করে প্ল্যান করুন। কাপল টুরিস্ট দেখে হোটেল ও রিসোর্টগুলো খরচ বাড়িয়ে দিতে চাইবে তাই আগে থেকেই ভাড়া ঠিক করে নিবেন।

৮। কাপল ট্যুর যেহেতু, তাই অনাকাঙ্খিত কোন সমস্যা হলে টুরিস্ট পুলিশকে জানাতে পারেন। ৯। দেশের বাইরে কাপল বা হানিমুন ট্যুর দিলে আগে থেকেই সকল প্রসেসিং করে নিন।

ছবি : ওয়ালপেপারইউপি

 আমাদের 'ট্যুর ম্যানেজমেন্টের আদ্যোপান্ত' সিরিজের পরবর্তী লেখাগুলোতে বিভিন্ন ধরণের ট্যুর ম্যানেজমেন্টের বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করা হবে।  কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।