ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব)-এর ইতিহাস
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : দেশের পর্যটন শিল্পের সংকট নিরসনে কাজ করে যাওয়া সংগঠন

বাংলাদেশের অভ্যন্তরে ট্যুর পরিচালনাকারী মুষ্টিমেয় সংস্থাগুলো যখন সমস্যার মুখোমুখি হচ্ছিল তখন সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য এক ধরণের জাতীয় সমিতি বা ট্রেড সংস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছিল ট্যুর অপারেটররা। আর সেই প্রয়োজনীয়তা থেকেই ১৯৯২ সালে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) গঠিত হয়েছিল। এই সংকট সমাধানের বাইরে এই সংগঠনের অন্যান্য প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশের পর্যটন বিকাশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের পর্যটন পণ্য প্রচার করা। দীর্ঘ অপেক্ষার এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সমাপ্তির পরে, সংস্থাটি বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর কাছ থেকে ২০০২ সালে একটি বাণিজ্য সংস্থা হিসাবে স্বীকৃতি লাভ করে। বর্তমানে টোয়াবের সদস্য সংখ্যা ৬৭৮। ১৯৯২ সালে এটি ৪৭ নতুন ইস্কাটন রোডে শুরু হয়েছিল। প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন হাসান মনসুর এবং এর পরে একে একে ফরিদুল হক, সৈয়দ গোলাম কাদির, সৈয়দ গোলাম মোহাম্মদ, হারুনুর রশীদ, কর্নেল আরডিটি আনিসুজ্জামান, আ স ম শামসুল আরেফিন এবং সৈয়দ আশরাফুল হক দায়িত্ব পালন করেন। ফরিদুল হক ও তার দলের সতীর্থ সৈয়দ গোলাম কাদির, তৌফিক রহমান, জহিরউদ্দিন বাবর, ডিএইচ দুলাল, নওশাদ আলী খানের দক্ষ নেতৃত্বে ২০০২ সালে টোয়াব একটি বাণিজ্য সংস্থা হিসাবে নিবন্ধিত হয়েছিল।

ট্যুরিজম সেক্টরে ঝুঁকিবিহীন ভ্রমণ, সুরক্ষিত খাবার ও থাকার ব্যবস্থা, দক্ষ স্পট-ভিজিট, অর্থনৈতিকভাবে ব্যয়বহুল লেনদেনের জন্য ব্যবসায় বা ব্যক্তিগত বিনোদনমূলক ভ্রমণ সহ বিশ্বব্যাপী পর্যটকদের প্রত্যাশা অনেক বেশি। কোনও ব্যক্তি বা পর্যটকদের একটি গ্রুপের এই চাহিদা পূরণের জন্য ট্যুর অপারেটরগুলো সামনে আসে এবং পর্যটকদের প্রয়োজনীয় সমস্ত পরিষেবা সরবরাহ করে।
টোয়াব ইতিহাস
এসব কাজ বিদেশী পর্যটকদের ক্ষেত্রে তাদের আগমন থেকে শুরু করে প্রস্থান এবং স্থানীয় পর্যটকদের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে এমনকি যে কোনও দেশে ভ্রমণের সহায়তা করে। টোয়াবের অনেক সদস্য ওয়ান স্টপ সার্ভিস সরবরাহ করে থাকে। বাংলাদেশে এখনও যেহেতু পর্যটন শিল্পের অবকাঠামোগত উন্নতি সাধিত হয়নি সেখানে টোয়াব সদস্য দেশের অপূর্ণতা পূরণে কাজ করে যাচ্ছে। টোয়াব সদস্যরা নিরাপদ ও কার্যকর ভ্রমনের জন্য পর্যটকদের সব প্রয়োজন নিশ্চিতে বদ্ধ পরিকর। দেশের পর্যটন খাতে যে অসংখ্য সীমাবদ্ধতা আছে তা একটি ফ্যাক্ট, বিগত বছরগুলোতে টোয়াব তার সম্পূর্ণ চেষ্টা করে সেসব সীমাবদ্ধতা হ্রাসের চেষ্টা করে যাচ্ছে। বিমান পরিবহন ও পর্যটন সাংবাদিক ফোরামের সাথে নিয়মিত মত বিনিময় করার জন্য বৈঠক করছে। এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস পালনে সেমিনারের আয়োজন করে। টোয়াব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই)-এর সহযোগিতায়য় সেমিনার আয়োজন করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস, পাটা বাংলাদেশ অধ্যায় এবং অন্যান্য বাণিজ্য সংস্থার সাথে দুর্দান্ত সম্পর্ক বজায় রেখে চলেছে সংস্থাটি।
সংস্থাটি দেশে বিভিন্ন সময়ে পর্যটন-সংক্রান্ত সম্মেলনের আয়োজন করে থাকে। ট্যুর অপারেটরদের সমস্যা ও অগ্রগতির জন্যে সরকার এবং ভোক্তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে। প্রতিষ্ঠার পর দেশের পর্যটন শিল্পের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে। এছাড়াও শুরু থেকে এর সদস্যরা মন্ত্রণালয় ও কর্পোরেশনের সহযোগিতায় আইটিবি-বার্লিন, ডাব্লুটিএম - লন্ডন, বিটি - বেইজিং, এটিএ ট্র্যাভেল মার্ট-ব্যাংকক, টিটিএফ-কোলকাতা, স্যাট্টে-দিল্লি প্রভৃতি বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
নাবিলা বুশরা এস এম