তালের রসবড়া : অমৃত মধুর মতো তালের রসে সুমিষ্ট পিঠা
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : তালের মিষ্টি যেন মুখে লেগে থাকে তালের রসবড়াতে
তালের রসবড়া। ছবি : প্রথম আলো
আবহমান গ্রামবাংলায় বারো মাসে তেরো পার্বণে বাঙালি সংস্কৃতির হাজার হাজার বছর ধরে তাল দিয়ে তৈরি হয়ে আসছে নানা রকমের সুমিষ্ট, সুস্বাদু সকল রান্না। ভাদ্র মাস এলেই গ্রামে গ্রামে তাল পাকতে শুরু করে। বাতাসে ভাসতে থাকে সুমিষ্ট তালের সুভাষিত ঘ্রাণ। তাই কথায় বলে ভাদ্র মাসে তাল পাকা গরম পড়ে। ভাদ্র মাসে যখন গাছে গাছে তাল পাকতে শুরু করে ঠিক তখনই তাল গাছের চারিদিকে অমৃত মধুর সন্ধানে মৌমাছিরা, বিহঙ্গরা ডানা মেলে উড়ে বেড়ায়। সাধারনত পাকা তালের রস বের করে তা থেকে নানা রকমের খাবার তৈরি করা হয় যেমন : তালের চিতল পিঠা, কাঁঠাল পাতায় ভরে কলকি পিঠা, তাল পিঠা, তাল বড়া, তাল তেল, তালরুটি, তালের পায়েস, কলাপাতায় তাল পিঠা, তালের রসভরি ইত্যাদি।
তালের পুষ্টিগুণাগুণ : পাকা তালের প্রতি ১০০ গ্রাম খাদ্যযোগ্য অংশে রয়েছে খাদ্যশক্তি ৮৭ কিলোক্যালরি, জলীয় অংশ ৭৭ দশমিক ৫ গ্রাম, আমিষ দশমিক ৮ গ্রাম, চর্বি দশমিক ১ গ্রাম, শর্করা ১০ দশমিক ৯ গ্রাম, খাদ্য আঁশ ১ গ্রাম, ক্যালসিয়াম ২৭ মিলিগ্রাম, ফসফরাস ৩০ মিলিগ্রাম, আয়রন ১ মিলিগ্রাম, থায়ামিন দশমিক শূন্য ৪ মিলিগ্রাম, রিবোফ্লাভিন দশমিক শূন্য ২ মিলিগ্রাম, নিয়াসিন দশমিক ৩ মিলিগ্রাম, ভিটামিন-সি ৫ মিলিগ্রাম।
তালের উপকারিতা : তাল অ্যান্টি-অক্সিডেন্টগুণসমৃদ্ধ যা ত্বকের জন্যে বেশ উপকারি। মানবদেহের ভিটামিন বি-এর অভাবজনিত রোগ প্রতিরোধে তাল ভূমিকা রাখে। তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস আছে, যা দাঁত ও হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়ক। তাল আঁশ জাতীয় খাবার হওয়ার কারনে কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের রোগ প্রতিকার করতে বেশ সহায়ক ভূমিকা পালন করে।
তালের রস বের করা নিয়ম :
তালের রস বের করে নিলেই খুব সহজে হয়ে যাবে তালের রসবড়া। ছবি : যুগান্তর
ভাদ্র মাসে তালের গাছ থেকে পাকা তাল সংগ্রহ করে নিতে হবে। পাকা তাল ভাল করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে তালের আঁটি আলাদা করে নিতে হবে। একটা তালের দুই থেকে তিনটি আঁটি থাকে, যেগুলোতে সামান্য পানি ঢেলে ভালো করে হাত দিয়ে আঁশগুলোকে কচলিয়ে নিতে হবে। এভাবে একটি একটি করে তালের আঁটি হাত দিয়ে ভালো করে কচলিয়ে তরল তাল আলাদা করে পাতলা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। ঘণ রস বেরুতে থাকবে। প্রক্রিয়াটি এমনভাবে করতে হবে যেন ঘণ রসের মধ্যে আঁশ থেকে না যায়।
উপকরণ : ৩ কাপ তালের রস, ২ কাপ ময়দা, ১ কাপ চিনি, ২ টেবিল চামচ নারিকেল গুড়ো, ৩ কাপ চিনি (সিরার রস তৈরির জন্যে), ২ কাপ পানি,৩ কাপ তেল।
রন্ধনপ্রণালী :
ছবি : সংগৃহীত
একটি পাত্রে রস ঢেলে নিই। ঐ পাত্রে ময়দা, ১ কাপ চিনি, নারিকেল ঢেলে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রন তৈরি করি। একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোল গোল আকারে বড়া ভালো করে ভেজে নিই। আরেকটা পাত্রে চিনি ৩ কাপ ও ২ কাপ পানি ঢেলে জ্বাল দিয়ে সিরা তৈরি করি। ভাজা তৈরিকৃত বড়াগুলো সিরাতে ছেড়ে দিই। ১৫/২০ পর মিশ্রনটি একটু ঠান্ডা হলে তাতে রস প্রবেশ করবে। তারপর একটি কাচের পাত্রে পরিবেশন করুন তালের রসবড়া।
তথ্যসূত্র : https://www.dailynayadiganta.com/History%20and%20Tradition/438821/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BE https://bdhealth.org/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-4873/