একালে নারীদের প্রথম পছন্দ ফিমেল গ্রুপ ট্যুর

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ফিমেল ট্যুর গ্রুপ সম্পর্কিত শুরু থেকে শেষ পর্যন্ত

ইচ্ছা থাকলে মেয়েরাও অনায়াসে ট্যুর দিতে পারে। ছবি : ওয়ার্ল্ডলি এডভেঞ্চার

 আমাদের দেশে নারী টুরিস্ট একটা সময়ে কম থাকলেও ইদানীং অনেক নারী ট্যুরের দিকে ঝুঁকছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নতি, থাকা-খাওয়ার সুবিধা, নিরাপত্তা ইত্যাদি কারণে নারী টুরিস্টদের সংখ্যা বেড়েই চলছে। তৈরি হয়েছে নারীদের নিজস্ব অনেক ট্যুর গ্রুপ। সকল স্থানেই নারীরা এখন ট্যুর দিচ্ছেন। তবে নারী টুরিস্ট বা নারী ট্যুর গ্রুপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করাটা ভালো। সেক্ষেত্রে ট্যুর ঝামেলামুক্ত ও সহজ হয়। এই সমস্যাগুলো ছেলেদের ট্যুর বা মিক্সড গ্রুপ ট্যুরে তেমন না হলেও পিওর ফিমেল টুরিস্টদের অনেক সময় বিষয়গুলোর সম্মুখীন হতে হয়।

১। ফিমেল গ্রুপ ট্যুরে অবশ্যই নিরাপত্তার বিষয়টা আগে মাথায় রাখতে হবে। প্রয়োজনে লোকাল থানা কিংবা যেই এলাকায় যাচ্ছেন সেই এলাকার দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করে যাওয়া ভালো।

২। দুর্গম অঞ্চলে ট্যুরের ক্ষেত্রে আগে থেকে খোঁজ করে কোন পরিচিত ও বিশ্বস্ত গাইড নিয়ে নেয়া উচিত। সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা কম।

৩। নিজের নিরাপত্তার জন্য ব্যাসিক সরঞ্জাম নিজের কাছেই রাখতে হবে।

৪। গ্রুপ ট্যুরে গেলে অবশ্যই দলবদ্ধ হয়ে থাকা প্রয়োজন আর যদি সলো ট্যুর হয় তাহলে সবসময় সতর্ক থাকতে হবে এবং কোন বিপদের আশঙ্কা দেখা দিলে সাথে সাথেই ব্যবস্থা নিতে হবে।

৫। যাতায়াতের সময় বাস, ট্রেন বা লঞ্চে সিট একসাথে নিতে পারলে যাত্রাপথে অসুবিধা কম হবে।

৬। কাউকে না জানিয়ে বা নিজে নিজে এমন কোথাও চলে যাবেন না যাতে পরবর্তীতে আপনাকে খুঁজে পেতে সমস্যা হয়।

৭। নৌকা বা ট্রলারে ভ্রমণ করলে চেষ্টা করবেন পাড় থেকে যতটা কাছে দিয়ে যাওয়া যায় আর তা সম্ভব না হলে আশেপাশে অন্য আরও নৌকা বা ট্রলার থাকলে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করবেন।

৮। আগ বাড়িয়ে কেউ সাহায্য করতে আসলে নিশ্চিত না হয়ে সেদিকে আগাবেন না। এরা পরবর্তীতে বিপদের কারণ হয়ে ওঠে।

৯। যেই এলাকায় যাচ্ছেন সেখানকার মানুষ ও সেখানকার সংস্কৃতি সম্পর্কে জেনে নিন আগ থেকেই। কোনও এলাকায় ধর্মীয় প্রভাব অতিরিক্ত বেশি থাকলে সেখানে সেই এলাকার লোকের চোখে দৃষ্টিকটু মনে হয় এমন পোশাক এড়িয়ে চলাটাই উচিত।

১০। পূর্বের অভিজ্ঞ কেউ গ্রুপে থাকলে কোনও সমস্যায় তার পরামর্শ নিন অথবা আপনার বুদ্ধি খাটিয়ে সমস্যার সমাধান করুন।

১১। একদম অচেনা-অজানা জায়গায় সলো ট্যুরের রিস্ক না নেয়াটাই বুদ্ধিমানের কাজ কারণ যেই স্থান সম্পর্কে এখনও মানুষ ভালমত জানে না সেখানে অজানা অনেক বিপদ থাকতে পারে।

১২। নানান জায়গায় মানুষ ফিমেল টুরিস্ট দেখলে নানান কথা বলে। আপনি প্রতিবাদ করার মত অবস্থায় থাকলে অবশ্যই প্রতিবাদ করবেন এতে করে আপনার পরে যেসব ফিমেল টুরিস্টরা আসবে তাদের জন্য যাত্রা সহজ হবে। কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকলে এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ অনেক এলাকায় এখনও কুসংস্কার বিদ্যমান, সেখানকার মানুষ বিবেক-বুদ্ধি দিয়ে কাজ কমই করে।

১৩। কোনও মিক্সড ট্যুর গ্রুপের সাথে ফিমেল ট্যুরিস্ট কোন হ্যারাজমেন্ট বা ইভ টিজিং-এর শিকার হচ্ছে কিনা তা খেয়াল রাখুন ও এরকম কিছু হলে ব্যবস্থা গ্রহণ করুন।

ছবি : টিটিআর উইকলি


আমাদের দেশের ট্যুরিজম খাতে নারীদের ভূমিকা অত্যাধিক। নারী টুরিস্ট যত বাড়বে ততই মেয়েদের জন্য ঘুরাঘুরির পথ সুগম হবে।

 আমাদের 'ট্যুর ম্যানেজমেন্টের আদ্যোপান্ত' সিরিজের পরবর্তী লেখাগুলোতে বিভিন্ন ধরণের ট্যুর ম্যানেজমেন্টের বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করা হবে। কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।