বিশ্বজুড়ে অদ্ভুত সব খাবারের উৎসব  

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : খাবারের উৎসব : বিভিন্ন দেশের আজব উৎসব




খাবারের উৎসব 

ফ্রান্সে আয়োজিত বিশালাকার অমলেট উৎসব। ছবি : টাইম


উৎসব মানেই মজা। বিশ্বজুড়ে বিভিন্ন ধরণের উৎসব পালন করা হয়ে থাকে। ধর্মীয় বা সামাজিক যেই ধরণেরই উৎসবের আয়োজন করা হোক না কেন, সেটি হয়ে ওঠে দল-মত নির্বিশেষে সবার আনন্দের জায়গা। তবে, বিশ্বে এমনও সব উৎসবের আয়োজন করা হয়ে থাকে যেগুলোতে আনন্দের কমতি না থাকলেও উৎসবের ধরণটা বেশ অদ্ভুতুড়ে।

 খাবারের উৎসব - ওনি প্যাককেক রেস, ইংল্যান্ড

নিজে প্যানকেক তৈরি করে সেই প্যানকেক হাতে নিয়ে দৌড়াতে হবে। ইংল্যান্ডের ওনি এলাকায় হওয়া এই রেসটি বেশ মজার ও ঐতিহ্যবাহী। বলা হয়ে থাকে, ১৪৪৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে এই দৌড় প্রতিযোগিতা। চাইলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না। রয়েছে কিছু নিয়ম-কানুন। এই যেমন, অন্তত তিনমাস থাকতে হবে ওনি শহরে; বয়স হতে হবে ১৮-এর বেশি। শুধুমাত্র নারীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ওনি মার্কেট প্যালেস থেকে প্যারিস চার্চ পর্যন্ত প্রায় ৪১৫ গজ পথ দৌড়াতে হয়।


খাবারের উৎসব, যুক্তরাজ্যে প্যানকেক দৌড় উৎসব

যুক্তরাজ্যে প্যানকেক দৌড় উৎসব। ছবি : হিস্টরিক ইউকে


খাবারের উৎসব -জায়ান্ট অমলেট ফেস্টিভ্যাল, ফ্রান্স

বেসিয়ার্স শহরে প্রায় ১৫ হাজার ডিমের অমলেট তৈরি করা হয়। ইস্টার সানডের দিন প্রায় কয়েক হাজার মানুষ মিলে বিশালাকার এই অমলেট তৈরির কাজ করেন। বিশাল এই অমলেটের থেকে খানিকটা ভাগ পেতে সমাগম হয় হাজার হাজার মানুষের। অমলেট উৎসবের বেশ মজাদার একটি ইতিহাস রয়েছে। বলা হয়, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের বেসিয়ারসে রাত কাটান। সেখানের একজন লোকের হাতে অমলেট খেয়ে তার এতই ভালো লাগে যে পরের দিন সব শহরের ডিম এনে অমলেট তৈরি করে তা তার সৈন্যদের খাওয়ান। বর্তমানে ফ্রান্সের অন্যান্য শহরেও অমলেট উৎসব পালন করা হয়ে থাকে।


যুক্তরাষ্ট্রের বাগ ফেস্ট

যুক্তরাষ্ট্রের বাগ ফেস্ট। ছবি : সংগৃহীত


বাগফেস্ট, যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় আয়োজিত এই উৎসবটিকে বলা চলে বেশ ভয়ংকর। নাম থেকেই বোঝা যাচ্ছে উৎসবটি বাগ বা পোকা- মাকাড় নিয়ে। সহজ কথায়, পোকা খাওয়ার উৎসব এটি। মানুষজন এমনসব পোকা খেয়ে থাকে যেসব পোকার নাম শুনলে ভয়ে গা কেপেঁ ওঠে। নর্থ ক্যারোলিনার ন্যাচারাল সায়েন্স মিউজিয়ামে খাবারের এই অদ্ভুত উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাবুর্চিরা তেলাপোকা বা ছারপোকার মতন বিভিন্ন পোকামাকড় দিয়ে তৈরি করে বিভিন্ন পদ। পোকা-মাকড়ের তৈরি এসব সুস্বাদু পদের রান্না উপভোগ করতে অসংখ্য লোক এই আয়োজনে যোগ দেয়।


ফ্লোরিডার ফ্রগ লেগ উৎসব, যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডার ফ্রগ লেগ উৎসব, যুক্তরাষ্ট্র। ছবি : ভ্যাকেশন টাইমস


ফেলসমেয়ার ফ্রগ লেগ ফেস্টিভ্যাল, ফ্লোরিডা

অনেক দেশেরই খাবার হিসেবে ব্যাঙ খাওয়া হয়। কিন্তু, ফেলসমেয়ার ফ্রগ লেগ ফেস্টিভ্যাল  গিনেস বুক অফ ওয়ার্ল্ডস স্বীকৃত সবচেয়ে বড় ফ্রগ লেগ ফেস্টিভ্যাল। ১৯৯০ সাল থেকে প্রচলিত এই উৎসবটি চারদিন ধরে আয়োজিত হয়। ব্যাঙের পা ভাজা খাওয়ার জন্য বিশ্বজুড়ে লোকের সমাগম হয়। আর তাই এখন ফেলসমেয়ারের ফ্রগ লেগ ফেস্টিভ্যালকে বলা হয় 'ফ্রগ লেগ ক্যাপিট্যাল অব দ্যা ওয়ার্ল্ড'।



খাবারের উৎসব , মূলার তৈরি ভাস্কর্য উৎসব, মেক্সিকো

মূলার তৈরি ভাস্কর্য উৎসব, মেক্সিকো। ছবি : সিএনএন


মূলার ভাস্কর্য, মেক্সিকো

বড়দিন উপলক্ষে আয়োজিত মূলার এই উৎসবটি মেক্সিকোতে বেশ জনপ্রিয়। বড়দিনকে ঘিরে মেক্সিকানরা মূলায় ফুটিয়ে তোলে বিভিন্ন ভাস্কর্য। তারা মূলা দিয়ে তৈরি করে বিভিন্ন ঐতিহাসিক চরিত্র যেমন : সিনড্রেলা, পশু-পাখি বা যীশুর জন্মের চিত্র। মূলা দিয়ে বিভিন্ন ভাস্কর্য তৈরির প্রতিযোগিতার আয়োজনও করা হয়ে থাকে।  

ইন্দিরা বিশ্বাস এস এম

আরো পড়ুনঃ আর্টিমিস মন্দির : প্রাচীন ইফেসাস শহরের অন্যতম স্থাপত্য