বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান লামাপাড়া খিয়াং ভ্রমণ

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পবিত্রতা ও সৌন্দর্যের সন্ধানে লামাপাড়া খিয়াং

লামাপাড়া খিয়াংয়ের বৃহদাকার বুদ্ধ মূর্তি । ছবি : ভ্রমণ গাইড

কক্সবাজারের কথা শুনলেই আমাদের মাথায় ভেসে আসে বিশাল সমুদ্র সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের দৃশ্য। কিন্তু অপরুপ সৌন্দর্যের আধার কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে নজরকাড়া অনেক স্থান। কক্সবাজার সম্পর্কিত ভিডিও বা ছবিতে আমরা প্রায়ই বিশাল এক বুদ্ধ মূর্তি দেখে থাকি কিন্তু অনেকের কাছেই হয়তো মূর্তিটির অবস্থান অজানা। আজকে কথা হবে লামাপাড়া খিয়াং নিয়ে যেখানে সেই বিখ্যাত বুদ্ধ মূর্তিটি অবস্থিত। কক্সবাজারের রামু বৌদ্ধ কৃষ্টির জন্য বিখ্যাত।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান। বৌদ্ধ পুরাকীর্তিসমৃদ্ধ রামুতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। এগুলোর মধ্যে বৌদ্ধ মন্দির, বিহার ও চৈত্য-জাদি উল্লেখযোগ্য। রামুতে প্রায় ২৩টি খিয়াং রয়েছে তবে এসকল খিয়াং-এর মধ্যে হাইতোপিতে অবস্থিত বিশাল খিয়াংটি বিশেষভাবে উল্ল্যেখযোগ্য।

রামু পৌরসভার অধীনে ফতেখারকুল ইউনিয়নে রামু চৌমুহনী বাসস্ট্যান্ড থেকে ১ কিলোমিটার দক্ষিনে বাকখালী নদীর তীরে অবস্থিত লামাপাড়া খিয়াং। কক্সবাজারে  ১৯ শতকের প্রথম দশকে রামুতে এই খিয়াংটি নির্মিত হয়। রামুর প্রখ্যাত ব্যাক্তিত্ব জনাব থু অং গিয়াও চৌধুরী নির্মাণ করেন। ছবি : অফরোড বাংলাদেশ

এককালে এই এলাকায় প্রচুর রাখাইন বাস করলেও বর্তমানে শুধু তাদের অবস্থানের স্মৃতিস্বরূপ আছে এই বিহার বা খিয়াংগুলো। লামাপাড়া খিয়াং-এ মার্বেল পাথরে তৈরি মঞ্চের উপর স্থাপন করা হয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ পিতল নির্মিত বুদ্ধ মূর্তিটি। শান্ত-সৌম্য এই বুদ্ধ মূর্তিটি পর্যটকদের মনে প্রশান্তি তৈরি করে সেইসাথে বার্মা টিকে তৈরি এই খিয়াংটির স্থাপত্যশৈলী ও সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে।

এছাড়াও এই বিহারে আছে দৃষ্টিনন্দন ছয় চালা ঘর, ঘন্টাঘর ও বেশকিছু মন্দির। সেই সাথে বিহারের সার্বিক দৃশ্য আপনার মনে এক অনাবিল প্রশান্তি এনে দিবে। কক্সবাজার ঘুরতে গেলে অল্প সময়ে খুব সহজেই ঘুরে আসতে পারেন লামাপাড়া খিয়াং। ঢাকা থেকে সরাসরি বাস বা বিমানে কক্সবাজারে যাওয়া যায় আর ট্রেনে গেলে চট্টগ্রামে নেমে সেখান থেকে বাসে কক্সবাজার যেতে হবে। কক্সবাজার শহর থেকে স্থানীয় যানবাহনে চলে যাওয়া যাবে লামাপাড়া খিয়াং-এ।

সতর্কতা : যেহেতু এটি একটি ধর্মীয় স্থাপনা তাই অবশ্যই অতিরিক্ত শব্দ করা ও পবিতত্রায় বিঘ্ন ঘটে এমন কাজ থেকে বিরত থাকতে হবে। কোথাও বেড়াতে গেলে অবশ্যই ময়লা-আবর্জনা ফেলে নোংরা করবেন না। আমাদের দেশ আমাদেরই পরিচ্ছন্ন রাখতে হবে।  

তথ্যসূত্র : https://www.gocoxsbazar.com/bn/লামাপাড়া-খিয়াং/