বাংলাদেশি পর্যটকদের জন্য ফি বাড়াচ্ছে ভুটান

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : ভুটান


ভুটান

ছবি : সংগৃহীত



প্রকৃতি তার নিজ হাতে খুব যত্ন করে সাজিয়েছে ভুটানকে। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট এই দেশটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর সেই সৌন্দর্যের সাক্ষী হতে পৃথিবীর নানা প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ছুটে যান ভুটানে। ভুটান বাংলাদেশের খুব কাছের একটি দেশ, সড়ক পথেই সহজে পৌঁছে যাওয়া যায় নয়নাভিরাম এই সৌন্দর্যের দেশ। ফলে, বাংলাদেশি পর্যটকদের অন্যতম শীর্ষ একটি পছন্দের দেশ এই ভুটান। পাহাড়ঘেরা এ দেশটি বাংলাদেশিদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে কিছু সুযোগ-সুবিধার কারণে। এর মধ্যে ভুটানে যেতে ভিসা না লাগার সুবিধাটি একবারে শীর্ষে রয়েছে। অবশ্য শুধু বাংলাদেশই নয়, ভুটানে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে আসছে ভারত এবং মালদ্বীপও। তবে, এবার সবকটি দেশের জন্যই অন-অ্যারাইভাল ভিসা সুবিধা তুলে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে ভুটান। যার অর্থ হলো- ভুটান ভ্রমণে এবার বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকদের ফি বাড়ছে।

ভুটান

এর আগে ভুটান ভ্রমণের জন্য অন্য দেশের পর্যটকদের প্রতিদিন ২৫০ মার্কিন ডলার (২১ হাজার ২৫০ টাকা প্রায়) পরিশোধ করতে হতো, যার মধ্যে ৬৫ ডলার টেকসই উন্নয়ন ফি ও ৪০ ডলার ভিসা ফি অন্তর্ভুক্ত রয়েছে। তবে, বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের নাগরিকদের জন্য এতদিন এর কোনটাই দিতে হতো না। কিন্তু, নতুন নিয়ম চালু হলে ভুটান যেতে অন্য দেশগুলোর মতোই উপমহাদেশের এই তিন দেশের পর্যটকদেরও ভিসা ফি'সহ আগেই আবেদন করতে হবে। পাশাপাশি, উন্নয়ন ফি'র জন্য প্রতিদিন গুনতে হবে ৬৫ ডলার বা ৫ হাজার ৬০০ টাকার মতো। অর্থাৎ, কেউ একদিনের জন্য ভুটান গেলেও তাকে ভিসা ফি'র ৩ হাজার ৪০০ টাকা (৪০ ডলার) ও উন্নয়ন ফি'র ৫ হাজার ৬০০ টাকাসহ অন্তত নয় হাজার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে। ভুটানের এমন সিদ্ধান্তে দেশটিতে যেতে অনেক পর্যটকের আগ্রহেই ভাটা পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও, ভুটানের ইচ্ছা অনেকটা সেরকমই। বলা হচ্ছে, গত কয়েক বছরে এই অঞ্চলের ভুটান ভ্রমণকারীর সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এত বেশি পর্যটকদের পর্যাপ্ত খাদ্য ও আবাসনের ব্যবস্থা করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে তাদের। এই কারণে অনিয়ন্ত্রিত পর্যটক সংখ্যা কমিয়ে সেটিকে সহনশীল মাত্রায় আনার উদ্যোগ নিচ্ছে ভুটান।  

এস এম

আরো পড়ুন ঃ অপার সম্ভাবনা সত্ত্বেও খুব বেশি নয় বিদেশি পর্যটকদের সংখ্যা!

ফেসবুক পেইজঃ ট্রাভেল বাংলাদেশ