তুরা : মেঘালয়ের অপূর্ব পাহাড়ি সৌন্দর্যময় শহর
ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : অফবিট ট্যুরিজম স্পট মেঘালয়ের পাহাড়ি এলাকা তুরা

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের আগে আহম্মদনগরের কাছাকাছি সোজা উত্তরে দূরের গজনী পাহাড় এবং তার পাশে কালো আরও উঁচু যে পাহাড় দেখা যায় তাই মেঘালয়ের তুরা পাহাড়। শেরপুরের বিভিন্ন উঁচু ভবন থেকে আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে এই তুরা পাহাড়ের। তুরা পর্বতমালা মূলত মেঘালয় জেলার পশ্চিম গারো পাহাড়ের প্রধান পর্বত মালা। এই পর্বতমালার প্রধান চূড়াই হচ্ছে তুরা পিক যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৯০০মিটার উচ্চতায় অবস্থিত। মজার ব্যাপার হল এই তুরা পিক থেকে বাংলাদেশের অভ্যন্তরের ব্রহ্মপুত্র নদী কিংবা গ্রামও দেখা যায়। এছাড়াও এই চূড়ায় রয়েছে একটি ওয়াচ টাওয়ার, একটি পর্যটন বাংলো এবং সিঙ্কোনা বাগান।
শোনা যায়, গারো পাহাড় অঞ্চলের ডেপুটি কমিশনার গ্রীষ্মের সময় তুরা চূড়ার ওপর একটি কটেজে বাস করতেন। সেখান থেকেই তিনি নাকি নিয়মিত হাতির পিঠে চেপে তুরা শহরের নিচের দিকে ভ্রমণ করতে যেতেন। তুরা শহর থেকে এই পাহাড়ের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। দক্ষিণ গারো পাহাড়ের পরিসীমায় অবস্থিত এই তুরা পিক বর্তমানে নকরেক জাতীয় উদ্যান দ্বারা পরিচালিত।
আরও পড়ুন : ওক, পাইন ও বার্চ গাছের ছায়ায় বেড়ে ওঠা পাহাড়ি গ্রাম পালমাজুয়া

আরও পড়ুন : রংবুল : দার্জিলিং এর অপার নৈসর্গের পাহাড়ি গ্রাম
যেভাবে যাবেন
শেরপুরের নলিতাবাড়ির নাকুগাঁও এবং ভারতের ডালু সীমান্তের কাস্টমস এবং ইমিগ্রেশন শেষ করে যেতে হবে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরের বারাঙ্গাপাড়া বাজারে। তুরা যাবার জন্য এই বাজার থেকে পাওয়া যাবে বাস এবং উইঞ্জার (১৪ সিটের মাইক্রোবাস স্বরূপ গাড়ি)। বারাঙ্গাপাড়া বাজার থেকে তুরা অবধি জনপ্রতি ভাড়া পড়তে পারে ৮০-১০০ রুপি। ঘণ্টা দুয়েকের এই যাত্রায় চারপাশের আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি সৌন্দর্য এক অপার্থিব ভ্রমণ অভিজ্ঞতার ঝুলি খুলে দেবে নিশ্চিত।
তুরা’তে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল থাকলেও আলাদাভাবে খাবারের হোটেলের সংখ্যা বেশ কম। সাধারণত আবাসিক হোটেলগুলোতেই খাবারের ব্যবস্থা থাকে। স্থানীয় হোটেলগুলোর মধ্যে হোটেল নটরাজ, রিকম্যান ও সুন্দরী বেশ ভাল। এছাড়াও রয়েছে হোটেল প্যারাডাউন ও রাজ কুমারী।
বি:দ্র: যেকোনো জায়গায় গেলে সেখানকার পরিবেশ দূষিত হয় এমন কাজ থেকে বিরত থাকা এবং স্থানীয়দের প্রতি সদয় হওয়া আমাদের দায়িত্ব।
জোহরা মহসীন এস এম
সোর্স: ১। www.jaijaidinbd.com ২। www.meghalayatourism.in/destinations/tura-peak ৩। sherpurtimes.com