তন্দুরি বা মটকা চা : মাটির কাপে ধোঁয়া ওঠা গরম চা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : পুনের দুজন চা-ওয়ালার হাত ধরেই তন্দুরি চায়ের জনপ্রিয়তা

তন্দুরি চা

ভারত থেকে এখন বাংলাদেশেও বেশ জনপ্রিয় এই তন্দুরি চা; ছবি : সংগৃহীত


 তন্দুরি চিকেন তো অনেক খেয়েছেন, কিন্তু তন্দুরি চা কি খেয়েছেন? চা বাঙালির নিত্য দিনের সাথে জড়িয়ে রয়েছে। সকালে উঠে চায়ের কাপে চুমুক হোক বা বিকেলে চায়ের সাথে গল্প- গুজব, কিংবা বর্ষায় বৃষ্টি বিলাস করতে চা; যা- ই উপলক্ষ হোক না কেন চায়ের নেশায় বুদ হয়ে আছে বাঙালি। আর তাই ভিন্ন ভিন্ন স্বাদে চায়ের রস উপভোগে নিত্যনতুন পদ্ধতিতে চা তৈরি করা হচ্ছে। তেমনি চায়ের নতুন প্রকার তন্দুরি চা। তন্দুরি চায়ের ধারণা টি একদম নতুন। ভারতের পুনের দুইজন চা-ওয়ালা মূলত তন্দুরি চা-কে প্রথম সবার সামনে নিয়ে আসেন। পুনে থেকেই তন্দুরি চা চা-রসিকদের কাছে পৌঁছে যায়। পরবর্তীতে তন্দুরি চায়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে তন্দুরি চা ছড়িয়ে পড়ে সারাদেশে।

তন্দুর মানে হচ্ছে মাটি বা ইটের তৈরি এক ধরণের বিশেষ চুলা। তারপর মাটির ভাড়কে তন্দুরের ভেতরে রেখে ভালোমতো গরম করা হয়। অন্য আরেকটি চুলায় গরম হতে থাকে বিশেষ মসলা চা। তারপর ফরমায়েশ আসলেই তন্দুর থেকে তামার পাত্রের ওপরে রাখা হয় মাটির কাপগুলো। তারপর সেখানে গরম গরম বিশেষ মসলা চা ঢালা হয়, আর ঢালার সাথে সাথেই গরম চা বুদবুদ করে ওপরে উঠে এসে কাপ থেকে গড়িয়ে পড়ে। সাথে তৈরি হয় সুস্বাদু ধোঁয়াটে মাটির গন্ধ। মাটির কাপের এই গরম ধোঁয়াটে স্বাদই মূলত এর বিশেষত্ব।

আরও পড়ুন : রসনামৃত : হাতে বানানো সেমাই পিঠা বা চালের সেমাই

ঢাকায় তন্দুরি চা তন্দুরি চায়ের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ঢাকায় তিনজন উদ্যোক্তা গড়ে তুলেছেন মটকা চা ও মমোর দোকান। পশ্চিম শেওড়াপাড়ায় ঘুরে আসতে পারেন তন্দুরি চা খেতে চাইলে। শেওড়াপাড়ার মেইনরোড দিয়ে বাটা শো-রুমের পাশের গলি দিয়ে সামনে একটু হেটে গেলেই তন্দুরি চায়ের দোকান। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে দোকান। মাটির ভাড়ের তন্দুরি চা-য়ে তারা একটি বিশেষ ফ্লেভারের মশলা দিয়ে থাকে। এই বিশেষ মশলা উপকরণটি তারা নিয়ে আসেন কেরালার হেক্কেডি থেকে।


তন্দুরি চা

এভাবেই বিশেষ পাত্রে তন্দুরি চা বানানো হয়; ছবি : সংগৃহীত


 ক্যাফেতে তন্দুরি চায়ের দুটি পদ পাওয়া যায়। ৩৫ টাকা প্রিমিয়ামে চায়ের ওপরে দুধের সর যোগ করা হয়। এছাড়া রেগুলার তন্দুরি চা বা মিনি তন্দুরি চা পাওয়া যাবে ১৫ থেকে ২৫ টাকার মধ্যে। তারা তাদের ক্যাফেতে শুধু চা মাটির পাত্রে পরিবেশন করেন, তাই নয়; ক্যাফেতে ব্যবহৃত যাবতীয় তৈজসপত্রই মাটির। তন্দুরি চায়ের পাশাপাশি চিকেন, সবজি মোমো, অনথন, অ্যাপল পাই পাওয়া যাবে মটকা চা ও মোমোর এই দোকানে।

পুনের তন্দুরি চা তৈরির ভিডিও ভাইরাল হয়ে গেলে তাই দেখে অনুপ্রাণিত হয় মটকা চা ও তন্দুরি ক্যাফের প্রতিষ্ঠাতা এই তিন উদ্যোক্তা। পূর্নেন্দু বিশ্বাস, রেজাউল কবির এবং অনুশ্রী হালদার নতুন কিছু শুরু করার আগ্রহ থেকে তন্দুরি চা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে সরাসরি পুনে গিয়ে সেখানে থেকে তন্দুরি চায়ের তৈরি কৌশল রপ্ত করেন। গরুর দুধ জ্বাল দিয়ে তাতে চিনি, চা পাতাসহ পাঁচ প্রকার বিশেষ মশলা মিশিয়ে তন্দুরি চা তৈরি করা হয়। আর চায়ে স্মোকি ফ্লেভার আনতে যোগ করা গরম মটকা। অবসর সময়ে একবার পরখ করে দেখে আসতে পারেন বিশেষ তন্দুরি চা।

  ইন্দিরা বিশ্বাস   এস এম