মোচার বড়ার রসা : হাতের কাছেই বাঙালি খাবার অথচ আমাদের অজানা

ট্রাভেল বাংলাদেশ স্পেশাল : বারোমাসি সবজি কলার মোচার বড়ার রসা

ছবি : কুকপ্যাড ডট কম

অনূকুল পরিবেশ, উর্বর মাটি, স্বল্প পরিশ্রম এই ত্রয়ীর অসাধারন সমন্বয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে বারোমাসি সবজি হিসেবে দেশের প্রায় সর্বত্র কলার মোচার আবাদ হয়ে থাকে। স্বাদে,গুণে অপূর্ব এই কলার মোচা দিয়ে তৈরি করা নানা রকম আমিষ, নিরামিষ সব সুস্বাদু খাবার। অঞ্চলভেদে একে কলার থোড় নামেও ডাকা হয়ে থাকে। অল্প পরিশ্রম ও উচ্চফলনশীল হওয়ায় কলা চাষে দেশের কৃষকেরা প্রতিনিয়ত উদ্বুদ্ধ হচ্ছে। প্রতি ১০০ গ্রাম মোচায় রয়েছে : প্রোটিন ১ দশমিক ৭ গ্রাম, ক্যালসিয়াম ৩২ মিলিগ্রাম, কার্বোহাইড্রেট ৫ দশমিক ১ গ্রাম, ফসফরাস ৪২ মিলিগ্রাম, ভিটামিন 'এ' ২৭ আই.ইউ, লৌহ ১ দশমিক ৬ মিলিগ্রাম, ফ্যাট দশমিক ৭ গ্রাম, পটাশিয়াম ১৮৫ মিলিগ্রাম, রিবোফ্লেবিন দশমিক ২ মিলিগ্রাম, ভিটামিন 'সি' ৪২০ মিলিগ্রাম, আঁশ ১ দশমিক ৩ গ্রাম, থায়ামিন  দশমিক ৫ মিলি গ্রাম।

উপকরণ : ১টা বিচি কলার মোচা, ১০০ গ্রাম মটর ডাল বাটা, অল্প চালের গুড়ো, ২৫০ গ্রাম দেশী ছোট আলু, ২ চামচ ঘি, ৪টা এলাচ, ৪ টুকরা দারুচিনি, ২/৩ টা তেজপাতা, হাফ চা চামচ জিরা, ২টা শুকনো মরিচ, ১ চামচ আদা বাটা, ১ চামচ জিরা বাটা, ১ চামচ পোস্তবাটা , ১/২ (আধা চা চামচ) শুকনো মরিচের গুড়ো, আধা চা চামচ হলুদের গুড়ো, ১/২ (আধা চা চামচ) চিনি, পরিমানমত তেল, লবন স্বাদমত।

কলার মোচার পুষ্টিগুণ :

ছবি : ওমেনস্ কর্নার

 রন্ধনপ্রণালী : কলার মোচা সিদ্ধ করে বেটে নিতে হবে। ১০০ গ্রাম মটর ডালকে ভালভাবে ২০ মিনিট ভিজিয়ে ধুয়ে বেটে নিতে হবে। সিদ্ধ কলার মোচা বাটার মিশ্রনকে ডালের সাথে মিশিয়ে তাতে স্বাদমত লবন, অল্প হলুদ, ১ টেবিল চামচ চালের গুড়ো মিশিয়ে নিতে হবে। একটি কড়াইয়ে পরিমানমত তেল গরম করে নিয়ে তাতে ছোট ছোট আকারে বড়া ভেজে নিতে হবে। ২৫০ গ্রাম আলু সিদ্ধ করে ছুলে তেলে ভেজে নিতে হবে। ভাজা আলু আলাদা করে তুলে রাখতে হবে। আলু যেই তেলে ভাজা হয়েছে একই তেলে জিরা, তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচি দিয়ে একটু লালচে করে ভাজতে হবে। ভাজা হলে তাতে জিরা বাটা, আদা বাটা, পোস্তবাটা,মরিচের গুড়ো, হলুদের গুড়ো, স্বাদমতো লবন, অল্প চিনি দিয়ে দিতে হবে। মিশ্রণটি ভাজা হলে তাতে আলুগুলো দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে তাতে পরিমানমত পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষন পর পানি শুকিয়ে তৈরি হয়ে এলে তাতে ভাজা কলার মোচার বড়াগুলো ঢেলে দিতে হবে। কিছুক্ষন ঢাকনা দিয়ে রেখে দিই যেন মশলার মিশ্রণটি সম্পূর্ণ উপকরণে সুন্দর করে মিশে যেতে পারে। রান্না হয়ে এলে তাতে ২ চামচ ঘি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন কলার মোচার বড়ার রসা।